দুই কোম্পানিকে এসইসির সতর্ক
নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় দুই কোম্পানিকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বৃহস্পতিবার বিকেলে এই সতর্কবার্তা দেওয়া হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।কোম্পানি দুটি হলো ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারের পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মূল বাজারের অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।এসইসির উপপরিচালক মো. হোসেন খান স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৮৭-এর ১২ ধারার (৩এ) উপধারা (সাব রুল) অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে নিরীক্ষা করে পরবর্তী ১৪ দিনের মধ্যে এসইসি ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে।কিন্তু পারফিউম ইন্ডাস্ট্রিজ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময় অর্থাত্ ১১ নভেম্বরের মধ্যে এসইসি ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে ব্যর্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানি দুটি তাদের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি-সচিবকে সতর্ক করে এসইসি। একই সঙ্গে পুনরায় এ ধরনের আইন ভঙ্গ যাতে না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে নির্দেশ দেওয়া হয় ওই পত্রে।