নতুন একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং তালিকাভুক্ত একটি ব্যাংককে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ ছাড়া একই সভায় রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেসকে বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ারকে আইপিওতে এবং ব্র্যাক ব্যাংককে রাইট ইস্যুর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
শাহজিবাজার পাওয়ার কোম্পানিটি আইপিওর মাধ্যমে এক কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকা দিয়ে কোম্পানিটি ব্যাংকঋণ পরিশোধ করবে।
কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস।
তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংককে বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। এর মাধ্যমে কোম্পানিটি নতুন করে ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজারের বেশি শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ২০ টাকা। এই হিসাবে ব্র্যাক ব্যাংক বাজার থেকে ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকার বেশি সংগ্রহ করবে। সংগৃহীত এই অর্থে ব্যাংকটি তাদের মূলধন কাঠামো শক্তিশালী করবে বলে বিএসইসি জানিয়েছে।
ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ারেরও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস।
এ ছাড়া কমিশনের গতকালের সভায় রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেসকে ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রোকারেজ হাউসটি ঋণবহির্ভূত শেয়ার, প্রতিষ্ঠানের নিজস্ব বা ডিলার হিসাব, কোম্পানির পরিচালক হিসেবে ঋণসুবিধা প্রদান, পাঁচ লাখ টাকার বেশি নগদ লেনদেন ও কমিশনকে মিথ্যা প্রতিবেদন দিয়ে বেশ কিছু সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। কমিশনের নিয়মিত পরিদর্শনে এসব আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এরই ভিত্তিতে কমিশন ব্রোকারেজ হাউসটিকে জরিমানার সিদ্ধান্ত নেয়।
এর বাইরে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান আইসিবি এএমসিএলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ‘ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের’ নাম পরিবর্তন করে ‘আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড’ করার অনুমতি দিয়েছে বিএসইসি। একই সঙ্গে তহবিলটির আয়তন ২০০ কোটি থেকে কমিয়ে ১০০ কোটি টাকা পুনর্নির্ধারণের আবেদনও অনুমোদন করা হয়।