দুই কোম্পানির কর্মকর্তাদের শোকজ এসইসির
নির্দিষ্ট সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিকে শোকজ কাম শুনানি নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।কোম্পানি দুটি হলো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, প্রতিষ্ঠান দুটি গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী গত ১১ নভেম্বরের মধ্যে জমা না দেওয়ায় এই শোকজ করা হয়। এই কারণে কোম্পানি দুটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ২১ মার্চ বেলা ১০টায় ওই ব্যক্তিদের এসইসিতে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে ওই ব্যক্তিদের প্রতিষ্ঠান দুটির আর্থিক বিবরণী জমা না দেওয়ার কারণ ব্যাখ্যাসহ সফট কপি ও হার্ড কপি এসইসিতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এসইসি সূত্রে জানা যায়।