দুই কোম্পানির তালিকাভুক্তির অনিশ্চয়তা এখনো কাটেনি
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা দুই কোম্পানি—এমআই সিমেন্ট ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) শর্ত সাপেক্ষে এমআই সিমেন্টের তালিকাভুক্তি দিলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির তালিকাভুক্তি দেয়নি। আর এমজেএল বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও তালিকাভুক্তির বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় কোম্পানি দুটির প্রাথমিক শেয়ারে বিনিয়োগ করে বিপাকে পড়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। এ অবস্থায় এসইসি গত রোববার এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করতে আবারও নির্দেশ দিয়েছে। জানা গেছে, এসইসির নির্দেশের পর ডিএসইর পরিচালনা পর্ষদ আজ রোববার এ ব্যাপারে বৈঠক করবে। এর আগে ৩ মে ডিএসইর পরিচালনা পর্ষদে এসইসির আগের নির্দেশনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিএসইর কয়েকজন পরিচালক এসইসির নির্দেশের সমালোচনা করেন। বলেন, প্রয়োজনে বিষয়টি আইনিভাবে সমাধান করা হবে। কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২০(এ) ধারা অনুযায়ী, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানকে তারা লিখিত নির্দেশনা দিতে পারে। এসইসির এ নির্দেশনা পরিপালন করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। এমনকি এ নির্দেশনা পরিপালনের জন্য ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকও জরুরি নয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সক্ষম। কিন্তু এ ক্ষেত্রে সেটি করতে দেওয়া হয়নি। শেয়ারবাজারে ধসের পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি বুক বিল্ডিং পদ্ধতিতে এমআই সিমেন্ট ও এমজেএল লিমিটেডের শেয়ার অতিমূল্যায়িত হয়েছে উল্লেখ করে তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে সরকার। পরে সরকারের নির্দেশে শর্ত সাপেক্ষে তালিকাভুক্তির উদ্যোগ নেয় এসইসি। এর ধারাবাহিকতায় কোম্পানি দুটিকে কয়েক দফায় শর্ত দেয় সংস্থাটি। প্রথম দফায় বলা হয়, তালিকাভুক্তির এক মাসের মধ্যে প্রস্তাবিত মূল্যের চেয়ে শেয়ারের দর কমে গেলে প্রাথমিক শেয়ারধারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কিনতে হবে। পরে এর মেয়াদ ছয় মাস করা হয়। কোম্পানি দুটি উভয় প্রস্তাবেই তালিকাভুক্তির জন্য সম্মতি দেয়। কিন্তু এ প্রস্তাব বাস্তবায়নে জটিলতার আশঙ্কায় কোম্পানি দুটির প্রিমিয়ামের টাকায় কেবল প্রাথমিক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। তবে প্রস্তাবটি কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ডিএসই বিরোধিতা করে। এ সময় ডিএসইর পক্ষ থেকে কোম্পানি দুটিকে অনানুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের শর্ত হিসেবে প্রাতিষ্ঠানিক ও সাধারণ উভয় ধরনের বিনিয়োগকারীর জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এতে কোম্পানির উদ্যোক্তা শেয়ারধারীদের নিয়ন্ত্রণমূলক শেয়ারের অনুপাত কমে যাওয়ার আশঙ্কা ছিল। সে কারণে পরবর্তী সময়ে এসইসি তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে শেয়ারের দাম কমে গেলে উদ্যোক্তারা ক্ষতিপূরণ দেবেন, এ শর্তে এমআই সিমেন্টকে তালিকাভুক্তির নির্দেশ দেয়। এসইসির নির্দেশ মেনে কোম্পানিটি ক্ষতিপূরণের বিপরীতে নিরাপত্তা জামানত হিসেবে ৫০ লাখ শেয়ার ডিএসইতে ও ২৫ লাখ শেয়ার সিএসইতে গচ্ছিত বা লিয়েন দিয়েছে। একই সঙ্গে কোম্পানির এস্ক্রো হিসাবে পাঁচ কোটি টাকা জমা রাখা হয়েছে। অন্যদিকে এমজেএল বাংলাদেশ লিমিটেড প্রাথমিক শেয়ারধারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে। এ ছাড়া কোম্পানিটি প্রস্তাব করেছে নগদ লভ্যাংশ দেওয়ার পরও লেনদেন শুরুর ছয় মাস পর্যন্ত শেয়ারের দাম বরাদ্দ মূল্যের চেয়ে নিচে নামলে সর্বোচ্চ ১০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এর অংশ হিসেবে কোম্পাটি ৮০ কোটি টাকা নগদ লভ্যাংশ বাবদ এবং দর কমে গেলে আরও ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য অর্থ বরাদ্দ রেখেছে বলে এসইসিকে জানিয়েছে। এসইসিতে কোম্পানিটির এ প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।ডিএসইর অভিযোগ, ক্ষতিপূরণের শর্তে তালিকাভুক্তির বিধান বিশ্বের কোথাও নেই। তাই এ প্রক্রিয়ায় তালিকাভুক্তি দেওয়া হলে ভবিষ্যতেও অতিমূল্যায়িত কোম্পানিগুলো এ ধরনের সুযোগ চাইবে। তবে এসইসি সূত্র বলছে, একটি বিশেষ পরিস্থিতিতে কোম্পানি দুটিকে শর্ত সাপেক্ষে তালিকাভুক্তি দিতে হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতি থাকলে হয়তো ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গটি উঠত না।তা ছাড়া অতিমূল্যায়নের দায় ডিএসই এড়াতে পারে না। কারণ দরপত্রের মাধ্যমে শেয়ার দুটির মূল্য নির্ধারিত হয়েছে। সেই সময় তাদের সদস্য ডিলারই সর্বোচ্চ দাম প্রস্তাব করে শেয়ার দুটির দর বাড়াতে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে। অথচ যে পর্যায়ে শেয়ার দুটির দাম উঠেছে, তার চেয়ে ৪০ শতাংশ কম দাম হওয়ার সুযোগ ছিল।