দুই কোম্পানির রাইট ও আইপিও অনুমোদন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্যামিলিটেক্স নামের নতুন একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইনস্যুরেন্সের অধিকারমূলক বা রাইট শেয়ার অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএসইসি জানিয়েছে, ফ্যামিলিটেক্স কোম্পানিটি স্থিরমূল্য (ফিক্সড প্রাইস) পদ্ধতিতে আইপিওতে শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যে (ফেসভ্যালু) কোম্পানিটি আইপিওতে তিন কোটি ৪০ লাখ শেয়ার বিক্রি করবে। এর মাধ্যমে সংগ্রহ করা হবে ৩৪ কোটি টাকা।বিএসইসি আরও জানিয়েছে, আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে ফ্যামিলিটেক্স ঋণ পরিশোধ করবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আইপিও আবেদনের সঙ্গে কোম্পানিটি ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের যে হিসাব দাখিল করেছে, তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ৯২ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দেখানো হয়েছে ১১ টাকা ৮২ পয়সা। বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে। ওই প্রক্রিয়া শেষে কোম্পানিটি দেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।এ ছাড়া গতকালের সভায় পূরবী জেনারেল ইনস্যুরেন্স বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি অধিকারমূলক (১: ২) শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে। কোনো ধরনের অধিমূল্য বা প্রিমিয়াম ছাড়া অভিহিত মূল্যে এই রাইট শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি বিদ্যমান শেয়ারধারীদের কাছ থেকে ১৮ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল।