ঘোষণার দীর্ঘদিন পর রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের অনুমোদন পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা ও অব্যাংকিং আর্থিক খাতের দুই কোম্পানি। কোম্পানি দুটি হলো: ফেডারেল ইন্স্যুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল মঙ্গলবার কোম্পানি দুটির এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।কোম্পানি দুটি বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে রাইট শেয়ার ছেড়ে পৃথকভাবে ১০৩ কোটি ৯০ লাখ ৫৪ হাজার টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্স সংগ্রহ করবে ২২ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এ জন্য কোম্পানিটি নতুন করে ১০ টাকা অভিহিত মূল্যের দুই কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৪৮০টি শেয়ার ছাড়বে। ফেডারেল ইন্স্যুরেন্সের বর্তমান পরিশোধিত মূলধন ১২ কোটি ৬০ লাখ টাকা, যা এক কোটি ২৫ লাখ ৬৬ হাজার শেয়ারে বিভক্ত। প্রতিটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার (২:১) দেওয়ার পর মূলধন বেড়ে হবে ৩৫ কোটি টাকার কিছু বেশি। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে গত বছর ১৬ মে শেয়ারহোল্ডারদের জন্য ২:১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছিল। এরও এক বছর তিন মাস পর রাইট ছাড়ার অনুমোদন পেল কোম্পানিটি।অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড সংগ্রহ করবে ৮১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা। এ জন্য কোম্পানিটি ১০০ টাকা অভিহিত মূল্যের ৮১ লাখ ৪৬ হাজার ৬০০টি রাইট শেয়ার ছাড়বে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ১৫ ফেব্রুয়ারি শেয়ারধারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে একটি (১: ১) রাইট শেয়ার ঘোষণা করে।বাজার পরিস্থিতি: এক দিন পতনের পর গতকাল আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। এদিন দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন বেড়েছে।বাজার বিশ্লেষকেরা বলছেন, আগের দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি বক্তব্য বাজারের দরপতনকে ত্বরান্বিত করেছিল। বিনিয়োগকারীদের অনেকে মনে করেছিলেন, অর্থমন্ত্রীর দেওয়া ওই বক্তব্যের পর নিয়ন্ত্রক সংস্থা বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে পারে। এ আশঙ্কায় তাঁরা শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দিয়েছিলেন। ফলে বাজারে দরপতন অনিবার্য হয়ে ওঠে। পরবর্তী সময়ে অর্থমন্ত্রীর বক্তব্যটি নানা মহলে সমালোচিত হওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা হলেও আস্থা ফিরে পেয়েছেন। তাঁরা মনে করছেন, বাজারের ক্ষতি হয় তেমন কোনো পদক্ষেপ হয়তো এ যাত্রায় নেওয়া হবে না। বাজার ঘুরে দাঁড়ানোর এটিও একটি কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে গ্রামীণফোনের প্রাতিষ্ঠানিক ঘোষণা।কোম্পানিটি তাদের শেয়ারধারীদের জন্য ১৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে অর্ধবার্ষিক শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখিয়েছে পাঁচ টাকার বেশি। এ খবরের প্রভাবে গতকাল গ্রামীণফোনের শেয়ারের মূল্যে ব্যাপক উল্লম্ফন ঘটে। একপর্যায়ে শেয়ারটি প্রায় বিক্রেতাশূন্য হয়ে পড়ে। দরবৃদ্ধির প্রবণতার মধ্য দিয়ে গতকাল শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। প্রায় সারা দিনই এ ধারা অব্যাহত থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ১০১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫৮৮ পয়েন্টে এসে দাঁড়ায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪১৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৭২২ পয়েন্ট। সিএসইতে গতকাল হাতবদল হয়েছে ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ২৯টির ও অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ১৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। ডিএসইতে লেনদেন হয়েছে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৯টির, কমেছে ২৮টির ও অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে গতকাল এক হাজার ৩৮৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩০ কোটি টাকা বেশি।ইস্টার্ন হাউজিংয়ের পরিচালকদের তলব: পুঁজিবাজারের নিয়ম ভঙ্গের অভিযোগে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালক ও কোম্পানি সচিবকে শুনানিতে তলব করা হয়েছে। ২০১১ সালের ৩০ এপ্রিল সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দেওয়াসংক্রান্ত বিষয়ে আইন পরিপালন না করার কারণের ব্যাখ্যা দিতেই তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। এসইসি সম্প্রতি কোম্পানিটিকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।