দুই কোম্পানির রাইট শেয়ার নিয়ে বিপাকে বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুটি কোম্পানির রাইট শেয়ার নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। কোম্পানি দুটি হলো, সায়হাম টেক্সটাইল ও আরএন স্পিনিং মিলস। নির্ধারিত সময়ে টাকা জমা দিয়েও এখন পর্যন্ত কোম্পানি দুটির রাইট শেয়ার বুঝে পাননি বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবে শেয়ার জমা দেওয়ার নির্ধারিত সময়ও পেরিয়ে গেছে। জানা গেছে, দুই কোম্পানির প্রায় ৪০৩ কোটি টাকার রাইট প্রস্তাবের মধ্যে ২১৩ কোটি টাকার সমমূল্যের শেয়ারের টাকা জমা পড়েনি। পুঁজিবাজারের ভাষায় যেটিকে বলে ‘আন্ডার সাবস্ক্রাইব’ হওয়া। নিয়ম অনুযায়ী অবলেখনকারী প্রতিষ্ঠান বা আন্ডার রাইটারদের অবিক্রীত এসব শেয়ার কিনে নেওয়ার বিধান থাকলেও সেটি হয়নি। অবলেখনকারী প্রতিষ্ঠানগুলোও নির্ধারিত সময়ে শেয়ারের টাকা জমা দেয়নি। আর এন স্পিনিং: আর এন স্পিনিং মিলসের ইস্যু করা প্রায় ২৭৮ কোটি টাকার সমমূল্যের রাইট শেয়ারের মধ্যে ১৮০ কোটি টাকা ব্যাংক হিসাবে জমা হয়নি বা আন্ডার সাবস্ক্রাইব হয়েছে। এর অধিকাংশই ছিল কোম্পানির পরিচালকদের যারা নির্ধারিত সময়ে রাইটের টাকা জমা দেননি। ফলে নিয়ম অনুযায়ী, অবলেখনকারী প্রতিষ্ঠানগুলোরই অবিক্রীত ওই সব শেয়ার কেনার কথা। কিন্তু অবলেখনকারী প্রতিষ্ঠানগুলোও তা করেনি। এ প্রতিষ্ঠানগুলো হলো, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এএএ কনসালট্যান্টস, বেনকো, বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে ছিল এএএ কনসালট্যান্টস। যোগাযোগ করা হলে এএএ কনসালট্যান্টসের চেয়ারম্যান ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের(বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই কোম্পানির সব শেয়ারই সাবস্ক্রাইব হোক। কোম্পানির পরিচালকেরা যে পরিমাণ রাইট শেয়ার গ্রহণের জন্য ওয়াদাবদ্ধ ছিলেন, তাঁরা সেই অনুযায়ী টাকা জমা দিক। বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধানের জন্য আমরা এসইসি ও কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’কোম্পানিটিকে বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১:১ হারে) ইস্যুর অনুমোদন দিয়েছিল এসইসি। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২০ টাকা। রাইট শেয়ারের টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৩ মার্চ। এরপর ২১ দিনের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমার কথা ছিল। সায়হাম টেক্সটাইল: সায়হাম টেক্সটাইলের প্রায় ৩৩ কোটি টাকার সমমূল্যের শেয়ার আন্ডার সাবস্ক্রাইব হয়। শেয়ারের অবলেখনকারী প্রতিষ্ঠানগুলো ছিল: বেনকো, প্রাইম ফিন্যান্স, লংকা বাংলা ফিন্যান্স, সোনালী ইনভেস্টমেন্ট, পিএলএফ ইনভেস্টমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট। এদের মধ্যে স্বদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ইস্যু ব্যবস্থাপকেরও দায়িত্ব পালন করে। সায়হাম টেক্সটাইলকে বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার (১:২ হারে) ইস্যু করে ১২৫ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেয় এসইসি। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২৫ টাকা। গত ৫ মার্চ ছিল রাইট শেয়ারের টাকা জমার শেষ দিন। কোম্পানির সংগৃহীত মোট ১২৫ কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকারই অবলেখন-কারী প্রতিষ্ঠান ছিল স্বদেশ ইনভেস্টমেন্ট। সেই অনুপাতের ভিত্তিতে আন্ডার সাবস্ক্রাইব হওয়া ৩৩ কোটি টাকার মধ্যে ২৬ কোটি টাকারও বেশি জমা দেওয়ার কথা ছিল স্বদেশ ইনভেস্টমেন্টের। অন্য অবলেখনকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো তাদের টাকা দিয়ে দিলেও স্বদেশ তাতে ব্যর্থ হয়। যোগাযোগ করা হলে স্বদেশ ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের টাকার কিছুটা সমস্যা ছিল। যার কারণে সময়মতো আমরা টাকা জমা দিতে পারিনি। তবে এখন ২১ কোটি টাকার সংস্থানও হয়ে গেছে। আশা করছি, বাকি পাঁচ কোটি টাকা আমরা শিগগির ব্যবস্থা করে ফেলতে পারব।’ জানতে চাইলে এসইসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে এসইসি। এ ক্ষেত্রে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।এসইসিসংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়ম অনুযায়ী অবলেখনকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো টাকা জমা না দিয়ে আইন লঙ্ঘন করেছে।