সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকে সূচকের ওঠানামার প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে। আর লেনদেনে বেশ কমতি ভাব লক্ষ করা যাচ্ছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৩৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। তবে ২৫ মিনিটের মাথায় সূচক ছয় পয়েন্ট কমে যায়। এভাবেই ওঠানামা করছে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৬৬ কোটি টাকার।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গোবাল হেভি কেমিক্যাল, প্রিমিয়ার সিমেন্ট, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসসিসিএল, তিতাস গ্যাস ও এনভয় টেক্সটাইল।