দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার শুরু থেকে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচক সামান্য বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৪৪৫৭.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক চার পয়েন্ট কমেছিল। আর ২০ মিনিট শেষে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার হার কমে ১২টা ১০ মিনিটে সূচক আবারও ১৪ পয়েন্ট কমেছিল। এভাবেই ওঠানামা করছে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৩টিরই দাম বেড়েছে। কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৫১ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, গ্রামীণ ফোন, বেক্সিমকো ও ইউসিবিএল প্রভৃতি।