দুই ঘণ্টায় ৬২৪ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন চলছে। একই সঙ্গে লেনদেনেও চাঙাভাব লক্ষ করা যাচ্ছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচকের বড় উল্লম্ফন লক্ষ করা গেছে। আর লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৩ পয়েন্ট বেড়ে ৪৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক ৯৫ বেড়েছিল। এই সময়ে ডিএসইতে মোট ২৫৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টিরই দাম বেড়েছে। কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৬২৪ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, ইউসিবিএল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, আমরা টেকনোলজিস, এক্সিম ব্যাংক, সিএমসি কামাল, এনবিএল, বিএসআরএম স্টিল প্রভৃতি।