দুই জোটের সদস্য কারখানাই সংস্কারের জন্য ঋণ পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সদস্য পোশাক কারখানাগুলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) দেওয়া তহবিল থেকে ঋণ পাবে।
দেশের তৈরি পোশাক কারখানায় সংস্কারকাজের জন্য আইএফসি পাঁচ কোটি মার্কিন ডলার বা ৩৮৫ কোটি টাকা দিয়েছে। উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির পাশাপাশি ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এ ব্যাপারে আইএফসির সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে।
অ্যালায়েন্স ৭ জুলাই বিষয়টি নিশ্চিত করলেও অ্যাকর্ড জানিয়েছে দুই দিন পর ৯ জুলাই। তবে অ্যাকর্ডের বাংলাদেশ কার্যালয় গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ বলেছেন, ‘তৈরি পোশাক কারখানার মালিকেরা অনেক দিন ধরে সংস্কার কার্যক্রমের জন্য তহবিলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে আসছিলেন। আইএফসির এই কর্মসূচিতে ছোট ও মাঝারি আকারের কারখানাগুলোকে অর্থায়ন সুবিধার আওতায় আনতে পেরে অ্যাকর্ড আনন্দিত।’
বাংলাদেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক—ইবিএল, ব্র্যাক, প্রাইম, দি সিটি ও ইউসিবি থেকে পোশাক কারখানা মালিকেরা এ ঋণ নিতে পারবেন। পাঁচটি ব্যাংকের প্রতিটি তিন থেকে পাঁচ বছর মেয়াদে সাশ্রয়ী সুদে এক কোটি ডলার করে পাঁচ কোটি ডলার ঋণ দেবে পোশাক কারখানার মালিকদের। ঋণের পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য অ্যাকর্ড ও অ্যালায়েন্স উভয়ে আড়াই লাখ করে দেবে।
জানতে চাইলে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন বলেন, ‘কারখানা সংস্কারে ঋণ সহায়তা জোগাড় করতে একটি ফার্মকে নিয়োগ করে অ্যালায়েন্স। নয় মাস চেষ্টার পর অবশেষে সফলতা আসে। শেষ মুহূর্তে অ্যাকর্ডও প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত হয়।’
মেসবাহ রবিন বলেন, পাঁচ কোটি ডলার থেকে কারখানার মালিকদের আগে এলে আগে পাবেন ভিত্তিতে ঋণ দেওয়া হবে। অ্যাকর্ড ও অ্যালায়েন্স উভয় জোটের সদস্য কারখানার জন্যই বিষয়টি প্রযোজ্য। এ জন্য নির্দিষ্ট করে কোনো জোটের জন্য আলাদা বরাদ্দ থাকছে না।