দুই দিন এগিয়ে আবার হোঁচট শেয়ারবাজারের
পর পর দুই কার্যদিবস বাড়ার পর গতকাল মঙ্গলবার আবার কিছুটা হোঁচট খেল দেশের শেয়ারবাজার। এ দিন দুই স্টক এক্সচেঞ্জেই সাধারণ মূল্যসূচক উল্লেখযোগ্য হারে কমেছে। তবে আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে বেশ খানিকটা বেড়েছে। গতকাল চাঙা ভাবের মধ্য দিয়েই বাজারের লেনদেন শুরু হয়েছিল। একপর্যায়ে অনেক বিনিয়োগকারীর মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা লক্ষ করা যায় বলে উল্লেখ করেছেন বাজার বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, গত সপ্তাহের মাঝামাঝি যাঁরা পতনমুখী বাজার থেকে কম দামে শেয়ার কিনেছিলেন, গতকাল তাঁদের শেয়ার বিক্রিযোগ্য হয়েছে। হতে পারে দুই দিন দাম বাড়ার কারণে এসব বিনিয়োগকারী মুনাফা তুলে নিতেই শেয়ার বিক্রি করেছেন। এর ফলে বিক্রি চাপ বেড়ে যাওয়ায় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। আর তাই সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও নিম্নগতির মধ্য দিয়ে তা শেষ হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, সারা দিন সূচকের ওঠানামা হলেও আগের দিনগুলোর চেয়ে গতকাল লেনদেনের অবস্থা ছিল ভালো। তার মানে বাজার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। লেনদেন ভালো হলে এর একটা ইতিবাচক প্রভাব বাজারে পড়ে বলেও মনে করেন তিনি। ডিএসইতে গতকাল লেনদেনের শুরুতে সাধারণ মূল্যসূচক প্রায় ১৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর কয়েকবার ওঠানামার পর দিনশেষে তা ২১৬ পয়েন্ট কমে ছয় হাজার ১৭৩ পয়েন্টে নেমে আসে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৫৩৪ পয়েন্ট কমে হয়েছে ১৭ হাজার ৩৬০ পয়েন্ট। সিএসইতে এ দিন ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ১২৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা বেশি। আর ডিএসইতে গতকাল প্রায় ৯৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৮৫ কোটি টাকা বেশি। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির এবং কমেছে ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। খাত অনুয়ায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, ডিএসইতে গতকাল ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম কমেছে। এ ছাড়া প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ২২টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে নয়টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৯টির, মিউচুয়াল ফান্ড খাতের ৩৩টির মধ্যে ২৭টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৮টির, বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২১টির এবং টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে। ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ছিল ন্যাশনাল ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস, বেক্সিমকো, বে লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, সাউথইস্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস, গ্রামীণফোন, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।