দুই দিন পর আবারও দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ বুধবার দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্যে লেনদেন শেষ হলো। প্রথম আধা ঘণ্টায় সূচকের ওঠানামা চললেও পরে সময়ের সঙ্গে সূচক নিম্নমুখী হতে শুরু করে এবং দিনের শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল। দিনের শেষে কমে সূচক ও লেনদেনের পরিমাণ। বাজারসংশ্লিষ্টরা বলছেন, গত দুই দিন বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকার কারণে বিনিয়োগকারীদের মাঝে আজ মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যায়। ফলে শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়, যা বাজারে দরপতনে প্রভাব ফেলতে পারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৯৬ পয়েন্ট কমে ৪,২২৭ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ২২ পয়েন্ট বাড়লেও ১৫ মিনিটে কমে নয় পয়েন্ট। ২৫ মিনিটে আবারও বাড়ে ১৭ পয়েন্ট। এরপর থেকে সূচক কমতে থাকে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩০টির দাম বাড়ে। কমে ২২০টির আর অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৫২ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় ৩৭ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., বেক্সিমকো, কেয়া কসমেটিকস লিমিটেড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম লি., তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, এমআই সিমেন্ট এবং লংকা-বাংলা ফিন্যান্স।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫০ পয়েন্ট কমে ১২৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টিরই দাম কমে। বাড়ে মাত্র ২৩টির আর অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৭ কোটি টাকার লেনদেন হয়।