দুই দিন পর ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার
দুই দিন পর গতকাল মঙ্গলবার আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ২২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ৯২ পয়েন্ট। সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে।
টানা কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর গত রবি ও সোমবার শেয়ারবাজারে যে দরপতন ঘটেছে, সেটাকে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মূল্য সংশোধন বলেই মনে করেন।
এদিন ঢাকার বাজারে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে। এদিন ডিএসইতে প্রায় ৭২০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাড়ে ৮ কোটি টাকা বেশি। লেনদেন শেষে সিএসইর সার্বিক সূচকটি বেড়ে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে উঠেছে।
লঙ্কাবাংলার ২০০ কোটি টাকার বন্ড: আর্থিক চাহিদা মেটাতে এবার তিন বছর মেয়াদে ২০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। গতকাল ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে তালিকাভুক্ত কোম্পানি লঙ্কাবাংলা ফিন্যান্স। লঙ্কাবাংলা ফিন্যান্সই সিকিউরিটিজ হাউসটির সিংহভাগ শেয়ারের মালিক।
২০১০ সালে শেয়ারবাজার ধসের আগে লঙ্কাবাংলা সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার উদ্যোগ নেয়। এ জন্য প্রাক-আইপিওর মাধ্যমে শেয়ারও বিক্রি করা হয়। পরে ব্রোকারেজ হাউসকে শেয়ারবাজারে তালিকাভুক্তির ব্যাপারে অনীহা জানায় নিয়ন্ত্রক সংস্থা। এ কারণে লঙ্কাবাংলা সিকিউরিটিজের আইপিওতে শেয়ার ছাড়ার উদ্যোগটি বন্ধ হয়ে যায়। পরে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয় প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি এবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০০ কোটি টাকার এই বন্ড ছাড়বে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বন্ড ছেড়ে সংগৃহীত টাকা ঋণ পরিশোধসহ চলতি মূলধন হিসেবে কাজে লাগানো হবে। তাতে ব্রোকারেজ হাউসটির আর্থিক সক্ষমতা ও আয় বাড়বে বলে মনে করেন তাঁরা। তবে পুরো বিষয়টি নির্ভর করছে শেয়ারধারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।