দুই দিন পর দরপতন কমে গেছে লেনদেন
দুই দিন দর বাড়ার পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে আবার দরপতন ঘটেছে। পাশাপাশি লেনদেনও কমে গেছে অনেক। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল ১৮ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১০২ পয়েন্ট। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুনাফা তুলে নেওয়ার কারণে বাজারে এই দরপতন ঘটেছে। তাই এটিকে বাজারের স্বাভাবিক আচরণ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে প্রায় ৭৭ ও সিএসইতে ৮০ শতাংশেরই দাম কমেছে। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিবেদন অনুযায়ী, দাম কমার দিক থেকে ঢাকার বাজারে গতকাল শীর্ষে ছিল সাধারণ বিমা খাতের কোম্পানিগুলো। গতকাল দিন শেষে সাধারণ বিমা খাতের কোম্পানিগুলো প্রায় ২ দশমিক ৪৫ শতাংশ দর হারিয়েছে। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে সিমেন্ট, বস্ত্র ও প্রকৌশল খাতের কোম্পানিগুলো। বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বেসরকারি খাতের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘গত কিছু দিনের বাজারের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে মনে হচ্ছে, এটি ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পাচ্ছে। বাজারের সূচক একটি নির্ধারিত সীমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে। এ ছাড়া বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণও বাড়ছে। দুই দিনের দর বাড়ার পর গতকাল মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থেকে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।’মোহাম্মদ মূসা আরও বলেন, ‘বর্তমানে দেশের ব্যাংকগুলোতে তারল্য পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ঈদ উপলক্ষে টাকার চাহিদা বাড়লেও কলমানি সুদের হার খুব একটা বাড়েনি। এটিও শেয়ারবাজারের জন্য ইতিবাচক একটি দিক। এ ছাড়া ঈদ সামনে রেখে শেয়ারবাজার থেকে টাকা তুলে নেওয়ার যে চাপ থাকে সেটিও এখন নেই। কারণ, এখন শেয়ার বিক্রি করে আর বাজার থেকে টাকা তুলে নেওয়া সম্ভব নয়। লেনদেনের বাকি আর মাত্র এক দিন। সেই হিসেবে কেউ চাইলেও শেয়ার বিক্রি করে টাকা তুলতে পারবে না। তাই আমার মনে হয়, ঈদ-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে বাজারে নেতিবাচক কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম।’ ঢাকার বাজারে গতকাল ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৭টিরই দাম কমেছে, বেড়েছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৯৯ কোটি টাকা কম। এর আগের দুই দিনের ঊর্ধ্বগতির সময় ডিএসইর লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। গতকাল সেটি আবারও ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। লেনদেন শেষে সোমবার ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২০৮ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২৮টির আর অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কম। এর আগের দুই দিনের দর বাড়াতে সিএসইতে লেনদেন ৪০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। লেনদেন শেষে গতকাল সিএসইর সার্বিক সূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭২৩ পয়েন্টে।