দুই দিন পর সূচক বাড়ল, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিন নিম্নমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার মূল্যসূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৭৮ পয়েন্ট বা দেড় শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। তবে সূচক বাড়লেও দুই বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। এদিকে দিন শেষে বাড়লেও লেনদেনের অধিকাংশ সময়জুড়েই ঢাকার বাজারে সূচকের বেশ উত্থান-পতন ছিল। যদিও মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়েছিল। প্রথম ১০ মিনিটের মধ্যেই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নিম্নমুখী হয়। একপর্যায়ে তা ঋণাত্মক হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূচক ঋণাত্মক ধারাতেই ছিল। এ সময় লেনদেনের গতিও ছিল বেশ মন্থর। এরপর সূচক ও লেনদেনে কিছুটা গতি সঞ্চার হয়। বাজারের আচরণ সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন নেতিবাচক থাকার পর গতকাল বাজার আবারও সবুজ অঞ্চলে (গ্রিন জোন) ফিরেছে। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বা আস্থা মজবুত হওয়ার কারণে আবারও বাজারে নতুন অর্থ বিনিয়োগ হতে শুরু করেছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের লেনদেন গতকাল উল্লেখযোগ্য হারে বেড়েছে। গবেষণা তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবসে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর লেনদেন অন্যান্য খাতের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে বাজারে গুজব রয়েছে। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়। এ অবস্থায় গত বুধবার উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত ও এককভাবে ন্যূনতম শেয়ার ধারণের আইনি বাধ্যবাধকতার বিষয়টি মনে করিয়ে তালিকাভুক্ত কোম্পানিকে চিঠি দিয়েছে ডিএসই। ডিএসইর এমন উদ্যোগে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও আস্থা ফিরিয়েছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের অভিমত। দিন শেষে যার ইতিবাচক প্রভাবও বাজারে দেখা গেছে। ঢাকার বাজারে গতকাল ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১১টি কোম্পানির শেয়ারেরই দাম বেড়েছে, কমেছে মাত্র ৩৩টির আর অপরিবর্তিত ছিল ১০টির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫২২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৫২ কোটি টাকা কম। এদিন ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৯৯ পয়েন্টে।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৮৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত ছিল ১৭টির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা কম।