দুই দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার থেকে আবার বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।বন্দরে আমদানি করা ভারতীয় পণ্যবাহী ট্রাকের চাপায় শ্রমিক আহত হওয়ার জের ধরে গত রোববার এবং এর আগের দিন গত শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি বন্দরটি বন্ধ থাকে।স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্রে জানা গেছে, ২২ মার্চ হিলি স্থলবন্দরের পানামা পোর্টের দুই নম্বর গেটের সামনে ভারতীয় খৈলবোঝাই একটি ট্রাকের চাপায় মঙ্গল নামে এক বাংলাদেশি শ্রমিকের দুটি পা থেঁতলে যায়। বর্তমানে ওই শ্রমিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় আহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের মাধ্যমে ভারতের ব্যবসায়ী ও ট্রাক-শ্রমিকদের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়। কিন্তু ভারতীয়রা ক্ষতিপূরণ না দিয়ে বরং রোববার সকাল থেকে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখে। তবে রোববার বিকেলেই সমঝোতা হওয়ায় ট্রাক-চালকেরা বাংলাদেশে পণ্য পরিবহনের সিদ্ধান্ত নেন।