দুই দিনব্যাপী ডেনিম এক্সপো আজ শুরু
তৃতীয়বারের মতো রাজধানী ঢাকায় ডেনিম এক্সপো শুরু হচ্ছে আজ বুধবার। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বাংলাদেশ ডেনিম এক্সপো।
মেলার অংশ নিচ্ছে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও জার্মানির ৩৯টি কোম্পানি। দুই দিনই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা আমন্ত্রিত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকেরা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, কীভাবে ভোক্তাদের চাহিদা মেটানোর পাশাপাশি ডেনিম গার্মেন্টসের নকশা ও সরঞ্জাম ব্যবহারে উৎকর্ষ আনা যায়, তা তুলে ধরা হবে।
ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের ডেনিমশিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কের উন্নতি ঘটিয়ে এ দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই এ মেলার উদ্দেশ্য।
মেলায় বাংলাদেশের আরগন ডেনিমস, আম্বার ডেনিম, ডেনিম এক্সপার্ট, এক্সপেরিয়েন্স গ্রুপ, এনভয় টেক্সটাইলস, স্মার্ট জিনস, মাহমুদ ডেনিমস, নাসা তাইপে ডেনিম, শাশা ডেনিম, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি, স্কয়ার ডেনিমস, শ্রুতি টেক্সটাইল ও ইয়োগোটেক্স ফেব্রিকস কোম্পানি অংশ নেবে।