দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে বাধা তৈরি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পাটপণ্যের ওপর ভারত সরকার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) উদ্বেগ জানিয়েছে।

ব্যবসায়ীদের এ সংগঠনটি মনে করে, বাংলাদেশ ও নেপাল থেকে পাটপণ্য আমদানির কারণে স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করলেও এ ক্ষেত্রে ভারত কোনো ধরনের তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজের (ডিজিএডি) সুপারিশের আলোকে ভারতের অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার বাংলাদেশি পাটপণ্যে বেশ উচ্চহারে শুল্ক আরোপ করে। গতকাল রোববার ঢাকা চেম্বারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পাটচাষি এবং পাটপণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারকেরা প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন এবং ভারতের অনুকূলে থাকা দ্বিপক্ষীয় বাণিজ্যের ব্যবধান ভবিষ্যতে আরও বাড়বে।

এদিকে ভারতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাট খাতের বিভিন্ন সংগঠন ও সংস্থাকে নিয়ে বৈঠক ডেকেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

একটি দেশ থেকে উৎপাদনমূল্যের চেয়ে কম দামে কোনো পণ্য আরেকটি দেশে রপ্তানি করলে আমদানিকারক দেশ স্থানীয় শিল্পের সুরক্ষা দেওয়ার জন্য যে শুল্ক আরোপ করে সেটাকে অ্যান্টি-ডাম্পিং ডিউটি শুল্ক বলে। ভারত এই শুল্ক আরোপ করায় সেই দেশের বাজারে বাংলাদেশি পাটসুতা, চট ও বস্তা রপ্তানিতে প্রতি টনে ১৯ থেকে ৩৫২ মার্কিন ডলার শুল্ক দিতে হবে।

ডিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে। এর ২০ শতাংশ যায় ভারতের বাজারে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের শুল্ক আরোপের সিদ্ধান্তের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের ৬৫০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।

ডিসিসিআই বিষয়টি ভারত সরকারের পুনর্বিবেচনায় আনতে দেশটির সঙ্গে আলোচনার অনুরোধ করেছে সরকারকে।