এ সপ্তাহের সাক্ষাৎকার: ভারতীয় পণ্য ও সেবা প্রদর্শনী উপলক্ষে গত সপ্তাহে ঢাকা সফর করেন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি আর ভি কানোরিয়া। সে সময় দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি
দুই দেশের ব্যবসায়ীদেরই দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন
প্রথম আলো: ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশকে ৪০০ কোটি ডলারের ঘাটতি মোকাবিলা করতে হচ্ছে। এটা কীভাবে কমিয়ে আনা যায়?আর ভি কানোরিয়া: বাংলাদেশ এখনো আমদানিনির্ভর দেশ, তাই এই ঘাটতি। তবে এই ঘাটতি কমাতে হলে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। বিনিয়োগ বাড়লে উৎপাদনেও বৈচিত্র্য আসবে। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমেই রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। ভারতে রপ্তানির পাশাপাশি তৃতীয় দেশে রপ্তানির সম্ভাবনা মাথায় রেখে যৌথ বিনিয়োগ বাড়ানোর সুযোগ আছে। বিনিয়োগ বাড়ানো সম্ভব না হলে আমদানিনির্ভরতা কমবে না। আর শুধু আমদানি-রপ্তানি বাণিজ্য দিয়ে অর্থনীতিতে গতিময়তা ধরে রাখা সম্ভব হবে না।প্রথম আলো: বাংলাদেশে ভারতীয়, তথা বিদেশি বিনিয়োগের জন্য কতটা সুযোগ-সুবিধা আছে?কানোরিয়া: বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিদ্যুৎ ও ভৌত অবকাঠামো। যেটুকু জানি, সম্প্রতি বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ভৌত অবকাঠামো খাতের উন্নয়ন দরকার। ভারতেও অবকাঠামো খাতে কিছু সমস্যা আছে। আর আইনকানুন যেগুলো আছে, সেগুলো মোটামুটি বিনিয়োগবান্ধব। তবে এ ক্ষেত্রে দুই দেশের মানুষের বিশেষ ব্যবসায়ী-উদ্যোক্তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারতের বিভিন্ন মহলে নেতিবাচক মনোভাব ছিল। কিন্তু তা টেকসই হয়নি। প্রথম আলো: কোন কোন খাতে ভারতীয়দের বিনিয়োগের আগ্রহ বেশি? কানোরিয়া: ভারতীয় বিনিয়োগকারীদের অনেকে এ দেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহী। বস্ত্র, পাট ও চামড়া খাতেও আগ্রহ আছে। এ ছাড়া বিভিন্ন খাতে আগ্রহীরা সম্ভাবনা যাচাই করে দেখছেন। তৈরি পোশাক ও বস্ত্র খাতে তো বাংলাদেশের অভাবনীয় সাফল্য রয়েছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এর অন্যতম কারণ, তুলনামূলক সস্তা শ্রম। এখন এ খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার, পোশাকের নকশায় বৈচিত্র্য আনয়ন ও মূল্য সংযোজনের পরিধি বাড়ানো প্রয়োজন।প্রথম আলো: ভারতের বাজারে বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। তার পরও গত অর্থবছর রপ্তানি কমেছে। আর এখনো অশুল্ক অনেক বাধা রয়ে গেছে বলে এ দেশের রপ্তানিকারকেরা অভিযোগ করেন। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?কানোরিয়া: শুল্কমুক্ত সুবিধাটি কার্যকর হওয়ার এক বছরও পূর্ণ হয়নি। কাজেই এই অল্প সময়ের রপ্তানি থেকে প্রকৃত অবস্থা বোঝা যাবে না। এ জন্য আরও কিছুদিন সময় লাগবে। আর কিছু কিছু ক্ষেত্রে ভারতের বাজারে অশুল্ক বাধা তৈরি হয়। এটি দূর করতে হলে সবার আগে দরকার মানসিকতার পরিবর্তন। সেই সঙ্গে প্রয়োজন দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে নিয়মিতভাবে আলোচনা ও সংলাপ। একেকটি পণ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা একেক রকম। তাই নিয়মিতভাবে সংলাপের আয়োজন করলে এসব বাধা কমে আসবে। আমার তো মনে হয়, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি-জটিলতা আগের চেয়ে অনেক কমে এসেছে। এটি সম্ভব হয়েছে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে।প্রথম আলো: বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে হলে কী কী করতে হবে বলে মনে করেন?কানোরিয়া: বাংলাদেশি পণ্যের গুণগত মান উন্নত করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। একইভাবে মনোযোগ দিতে হবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে। শ্রমিক যদি দক্ষ না হয়, তাহলে উৎপাদনশীলতা বাড়বে না। আবার পণ্যের মান উন্নয়ন বা শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, যেকোনো বিষয়ে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ। একটা দৃষ্টান্ত দিতে পারি। ভারতে আমরা অলংকারশিল্পে জড়িত শ্রমিক ও কারিগরদের নিয়মিত ভিত্তিতে সাত দিন থেকে তিন বছর মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আসলে কারিগরি দক্ষতা ও কুশলতার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।প্রথম আলো: ট্রানজিট ও ট্রানশিপমেন্ট নিয়ে দুই দেশের মধ্যে তিন বছর ধরে বেশ আলোচনা হচ্ছে। ভারতীয় উদ্যোক্তাদের মনোভাবটা আমরা আপনার মাধ্যমে জানতে চাই।কানোরিয়া: ট্রানজিট বা ট্রানশিপমেন্টের জন্য যথাযথ অবকাঠামোর ঘাটতি আছে। সড়ক ও নৌপথে যাতায়াতব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। বহুমুখী যাতায়াতব্যবস্থা কার্যকর করতে হবে। রেল যোগাযোগের উন্নয়ন ঘটাতে হবে। এভাবে পারস্পরিক সম্পৃক্ততা বাড়াতে হবে। প্রথম আলো: বাংলাদেশের অর্থনীতির গতিময়তাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?কানোরিয়া: আমি এর আগে ১৯৮২ সালে বাংলাদেশে এসেছিলাম। সেই সময় যে ঢাকা শহর দেখেছি, তার সঙ্গে আজকের ঢাকা কোনোভাবেই তুলনা করা যায় না। সুউচ্চ সুরম্য ভবন আর জনবহুল রাজপথ নিয়ে আজকের ঢাকা এক ব্যস্ততম কর্মনগর। বোঝাই যায়, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। তবে কখনো কখনো সময় আসে অর্থনীতিকে আরেক ধাপ এগিয়ে নিতে ঝুঁকি গ্রহণের। ১৯৯১ সালে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন প্রায় শূন্যের কোটায়, তখনই ঝুঁকি নিয়ে অর্থনীতি উন্মুক্তকরণের বড় পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। পরবর্তী সময় কী ঘটেছে, তা তো সবারই জানা। বাংলাদেশও এভাবে চিন্তা করতে পারে।[সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন]