শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে না। কেননা, পুরোপুরি রপ্তানি সক্ষম হওয়ার পরও অনেক পণ্যই ভারতের বাজারে প্রবেশ করতে পারছে না বিভিন্ন অশুল্ক পদক্ষেপের জন্য।
এর বিপরীত চিত্রও আছে। ভারতীয় অনেক রপ্তানিমুখী পণ্য বাংলাদেশের বাজারে আসতে পারছে না এখানকার অশুল্কজনিত বাধার কারণে। ২০১১ সালে ভারত এ রকম এক হাজার ২৬টি পণ্য বাংলাদেশে রপ্তানি করেনি বা করতে পারেনি অথচ বিশ্বের অন্য অনেক দেশেই করেছে। আবার এর মধ্যে সারা বিশ্বে রপ্তানি হওয়া শীর্ষ ৫০টি পণ্যের ৩৪টি বাংলাদেশি অশুল্ক পদক্ষেপের কারণে বাধাগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে আছে সবজি, কাঁকড়া ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক।
অন্যদিকে বাংলাদেশের শীর্ষ ৫০টি পণ্যের ৪৯টিই অশুল্ক পদক্ষেপের জন্য ভারতীয় বাজারে প্রবেশে নিরুৎসাহিত হয়েছে। এসব পণ্যের মধ্যে আছে চিংড়ি, টেরিটাওয়েল ও বিভিন্ন রকম তৈরি পোশাক।
শুধু বাংলাদেশ ও ভারতই নয়, দক্ষিণ এশিয়ার আটটি দেশের পরস্পরের মধ্যে বাণিজ্যে অশুল্ক পদক্ষেপ এভাবেই অনেক পণ্য রপ্তানি নিরুৎসাহিত করছে।
ঢাকায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান এসব তথ্য তুলে ধরেন। ‘এনটিএম ইন সাউথ এশিয়া: অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যানালিসিস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর মতিঝিলে এমসিসিআইয়ের সভাকক্ষে সংগঠনের সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সেলিম রায়হানের সঙ্গে গবেষণা পরিচালনা করেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক মোস্তফা আবিদ খান এবং মেট্রো চেম্বারের সচিব সাকিব কোরেশি। গবেষণা প্রতিবেদনটিতে সার্কভুক্ত আটটি দেশের এনটিএমের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, এনটিএম হলো আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক বিভিন্ন নিয়ন্ত্রণমূলক বিধান, কার্যপ্রণালি, অনুমোদন প্রক্রিয়াসহ বাণিজ্য সংরক্ষণমূলক পদক্ষেপ, যার মধ্যে আছে ডাম্পিংবিরুদ্ধ শুল্ক।
তার মানে এনটিএম কার্যত দুই দেশের মধ্যে বাণিজ্যকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়, যদিও এর অনেকগুলোই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) রীতিবিধির সঙ্গে সংগতিপূর্ণ। অন্যদিকে যেসব পদক্ষেপ ডব্লিউটিওর বিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়, সেগুলোই মোটা দাগে এনটিবি হিসেবে অভিহিত।
এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় এনটিএমকে অনুমোদন করা হয়েছে। তবে শর্ত হলো, বহুপক্ষীয় বাণিজ্যকে তা বাধাগ্রস্ত করতে পারবে না। আর তাই এনটিএম অপসারণ করা বা কমানো খুব কঠিন।’
অমিতাভ আরও বলেন, বাংলাদেশ থেকে পাটের বস্তা রপ্তানিতে ভারত ‘বাংলাদেশে তৈরি’ ছাপ বাধ্যতামূলক করে দিয়েছে। যদি একই শর্ত অন্য দেশের জন্য প্রযোজ্য না হয়, তাহলে তা হবে ডব্লিউটিওর বিধির লঙ্ঘন। আবার ভারত ২৫টি পণ্যে বাংলাদেশ মান পরীক্ষা প্রতিষ্ঠানের (বিএসটিআই) সদন এক সময় স্বীকৃতি দিলেও পরে আবার অনেক ক্ষেত্রে তা গ্রহণ করছে না। এটি একধরনের এনটিএম।
এমসিসিআইয়ের সহসভাপতি কামরান টি রহমান পাটের বস্তা রপ্তানির বিষয়টি আরেকটু ব্যাখ্যা করেন। তিনি বলেন, পাটের বস্তাগুলো যে গাঁইটে মুড়ে রপ্তানি হয়, সেই গাঁইটের গায়ে ‘বাংলাদেশে তৈরি’ ছাপ থাকতে হবে। এটাই আন্তর্জাতিকভাবে অনুসৃত। কিন্তু প্রতিটি বস্তা ‘বাংলাদেশে তৈরি’ ছাপযুক্ত হলে প্রকৃতপক্ষে তা বোঝায় যে বস্তার ভেতরের পণ্য বাংলাদেশে তৈরি যা বিভ্রান্তিকর।
কামরান রহমান আরও বলেন, ‘এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ভারতের সঙ্গে দেনদরবার করা হলেও কোনো সুরাহা হয়নি। যখন ভারতে পাটের বস্তার চাহিদা খুব বেড়ে যায়, তখন বাংলাদেশ থেকে আমদানির ক্ষেত্রে শিথিলতা অনুসরণ করা হয়। আবার চাহিদা কমে গেলে এ ছাপের বিষয়ে কড়াকড়ি করা হয়।’
জানা গেছে, বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে ভারত সরকার ‘বস্তা বাংলাদেশে তৈরি’—এ রকম ছাপ দেওয়ার কথা বলেছে। তখন বাংলাদেশ চেয়েছে, ভারতীয় বস্তার ক্ষেত্রে ‘বস্তা ভারতে তৈরি’—এ রকম ছাপ দেওয়া ব্যবস্থা করার জন্য। এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যখনই আমরা ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি বাড়াতে গেছি, তখনই এনটিএম এসে বাধা তৈরি করেছে। আমরা একবার একটা সমাধান করছি। তারপর আবার আরেকটা সমস্যা আসছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতের তুলনায় আমরা দ্রুততর বাণিজ্য উদারীকরণ করেছি। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান এক ধাক্কায় সর্বোচ্চ আমদানি শুল্কহার ১৯৯১-৯২ অর্থবছরের ৩৫০ শতাংশ থেকে ১৯৯২-৯৩ অর্থবছরে ১৫০ শতাংশে নামিয়ে আনেন।’ এভাবে বাংলাদেশ বিশ্বায়নের চ্যালেঞ্জ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তোফায়েল।