শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের দুই শতাংশ শেয়ার ধারণসংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা বিষয়ে দুই পরিচালকের জন্য পাঁচ মাসের স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। যমুনা ব্যাংকের পরিচালক এম এ খায়ের ও অন্য একজন পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর বিচারপতি শামসুল হুদা এই আদেশ দেন। একই সঙ্গে আগামী বছরের ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। স্থগিতাদেশের কপিটি গতকাল শনিবার ডিএসইতে পৌঁছেছে বলে জানা গেছে। এ ব্যাপারে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আদালত শুধু দুজন পরিচালকের জন্য এসইসির নির্দেশনায় স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে কয়েকটি কোম্পানির পরিচালকেরা এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত ওই রিটগুলো খারিজ করে দেন। পরে এই দুজন সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে গেলে আদালত শুধু ওই দুজনের ক্ষেত্রে এসইসির নির্দেশনায় আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেন।এর আগে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত বছরের ২২ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এসইসি। এতে বলা হয়, উদ্যোক্তা-পরিচালকদের কাছে সম্মিলিতভাবে নিজ কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এ ছাড়া প্রত্যেক পরিচালককে আলাদাভাবে নিজ কোম্পানির ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। অন্যথায় ওই পরিচালকের পদ শূন্য হবে। এ ক্ষেত্রে চলতি বছরের ২১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় এসইসি।এরই মধ্যে এসইসির নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় ৩৫৯ জন পরিচালক পদ হারিয়েছেন। আর পরিচালনা পর্ষদের তালিকা চেয়ে ১৫ নভেম্বর মধ্যে সার্টিফায়েড কপি দাখিলের নির্দেশনাও জারি করেছে এসইসি।