বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের দুই পরিচালক তাঁদের ক্ষমতার অপব্যবহার করে ও অনিয়মের মাধ্যমে ব্যাংকের ৩২৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ তথ্য পাওয়া গেছে চলতি বছরের ৬ জানুয়ারি জমা দেওয়া বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে। এই দুই পরিচালক হচ্ছেন কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান মো. শহীদুল আহসান ও মো. শাহাবউদ্দিন আলম। দুজনেই বেনামি প্রতিষ্ঠানের নামে ও বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে ব্যাংকের কয়েক শ কোটি টাকা সরিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দুই পরিচালকের এভাবে অর্থ আত্মসাতের বিষয়টি ‘ফৌজদারি অপরাধ’ বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। একই সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা দলের প্রতিবেদনে কেন এ বিষয়ে আপত্তি তোলা হয়নি, তা-ও জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল।সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এই প্রতিবেদন পাঠানো হয়েছে। কমিশন এখন বিষয়টি অনুসন্ধান করছে। দুদক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে সংশ্লিষ্ট শাখার উল্লিখিত বিষয়ের নথি চেয়ে গত ৭ এপ্রিল নোটিশ পাঠানো হয়।অভিযোগ রয়েছে, মো. শহীদুল আহসান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে মাদামবিবির হাট শাখা থেকে মেসার্স রিজেন্ট করপোরেশনের নামে ভুয়া এলসি খুলে নয় কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। একইভাবে ব্যাংকটির আগ্রাবাদ শাখা থেকে মেসার্স তিতাস অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিপরীতে ভুয়া এলসির মাধ্যমে আরও নয় কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা তুলে নেন। দুটি প্রতিষ্ঠানই শহীদুল আহসানের বেনামি প্রতিষ্ঠান বলে অভিযোগ করেছেন ওই শাখা দুটির কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের এমডি জামানতের বিপরীতে ১০ শতাংশ মার্জিন রেখে সর্বোচ্চ দুই কোটি টাকার লোকাল এলসি খোলার অনুমোদন দিতে পারেন। কিন্তু তিতাস অ্যাগ্রো ও রিজেন্টের ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি।এ ছাড়া আগ্রাবাদ শাখা থেকেই মেশমার্ক লিমিটেড নামে আরেকটি শিপ ব্রেকার্স প্রতিষ্ঠানের নামে ক্ষমতা অপব্যবহার করে এবং বোর্ডের অনুমতি ছাড়াই ঋণ মঞ্জুর করান শহীদুল আহসান। সেই অর্থ আবার বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর ও পুনরায় স্থানান্তর করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে।শহীদুল আহসান এসব অনিয়ম করেছেন ব্যাংকের কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবে ক্ষমতা খাটিয়ে এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের চাপ দিয়ে। এ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের একাধিক কর্মকর্তার লিখিত বক্তব্য, তিনি পরিচালক এবং তাঁর বেনামি প্রতিষ্ঠানের নামে বেআইনিভাবে ঋণ দেওয়ার জন্য আমাদের দিয়ে জোর করে সই করিয়ে নেন। কিন্তু তিনি ওই সব ঋণের বিপরীতে কোনো অর্থ পরিশোধ না করায় ভবিষ্যতে আমরা বিপদে পড়তে পারি, এ আশঙ্কায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আবেদন জানাচ্ছি। তাঁরা দাবি করেছেন, এ ধরনের বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য শহীদুল আহসানের স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে দুদক।এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শহীদুল আহসান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকের কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবে এই অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি তাঁর অফিসে যোগাযোগ করতে বলেন। তিনি বলেন, ‘ওরা ঋণ নিয়েছে, পরিশোধ করবে। সমস্যা কোথায়?’ কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কারা কারা অভিযোগ করেছেন, নাম দেন। তাঁদের সঙ্গে কথা বলতে হবে।’আরও অভিযোগ রয়েছে, ঢাকার পুরানা পল্টনে স্বদেশ টাওয়ারটি শহীদুল আহসানের। এই ভবন তিনি মার্কেন্টাইল ব্যাংকের কাছেই ভাড়া দিয়েছেন। তা-ও আবার বাজারদরের চেয়ে চার গুণ বেশি দামে। ভাড়া ও অগ্রিম বাবদ বিপুল অর্থও নেওয়া হয়েছে মার্কেন্টাইল ব্যাংক থেকে। স্বদেশ টাওয়ার রাজউকের নকশা না মেনে নির্মাণ করা হয়েছে। টাওয়ারটি পরিচালনা করে স্বদেশ বিল্ডার্স, তিনি এর একজন পরিচালক। তবে এসব অভিযোগের বিষয়ে দুদক পৃথক অনুসন্ধান করছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মার্কেন্টাইল ব্যাংকের অপর পরিচালক শাহাবউদ্দিন আলম এস এ অয়েল রিফাইনারি লিমিটেডের এমডি। ওই প্রতিষ্ঠানের (স্পেশাল নোটিশ ডিপোজিট) হিসাবের বিপরীতে ৫৪টি লেনদেনের মাধ্যমে ১২০ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ওই হিসাবে স্থিতি না থাকলেও চেক জমা করলে অর্থ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরাসরি অর্থ আত্মসাতের অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংক। শাহাবউদ্দিন এই প্রক্রিয়াতে ১২৬ কোটি ৭২ লাখ টাকা তুলে নিয়েছেন।