দুই পাটকলে বেড়েছে উৎপাদনশীলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প ব্যয়ে উৎপাদনশীলতা বাড়াতে জাপানি কাইজান পদ্ধতি প্রয়োগ করে বাংলাদেশের পাটকলগুলো সুফল পাচ্ছে। এ পদ্ধতি ব্যবহার করে একটা কারখানার উৎপাদনশীলতা ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।আর উৎপাদনশীলতা বাড়লে মুনাফাও বাড়ে। ৪০ টন পণ্য উৎপাদনকারী একটা জুট স্পিনিং মিলে সাত শতাংশ উৎপাদন বাড়লে প্রতি বছর কোম্পানির অতিরিক্ত আয় হবে এক কোটি ৪৭ লাখ টাকা।ইতিমধ্যে আলিজান জুট মিলস লিমিটেড এবং নবাব আবদুল মালেক জুট মিলস লিমিটেড কাইজান পদ্ধতি প্রয়োগ করেছে।গতকাল বুধবার ঢাকায় ‘কাইজান পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং শিল্পমন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান জাতীয় উৎপাদনশীলতা সংস্থা (এনপিও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় জানানো হয়, বিশ্বের অন্যতম শিল্প উন্নত দেশ জাপান নতুন প্রযুক্তির ব্যবহার না করেই কেবল ‘কাইজান’ নামের একটি প্রশিক্ষণ পদ্ধতির ব্যবহার করে উৎপাদনশীলতা ও মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে।রাজধানীর মতিঝিলে এনপিওর সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এনপিওর পরিচালক মো. নজরুল ইসলাম।কর্মশালায় জানানো হয়, কাইজান জাপানি শব্দটির বাংলা অর্থ হলো ‘উন্নতর করার জন্য পরিবর্তন’। এটি এমন এক ব্যবস্থা যেখানে মূলত একটি কারখানার ব্যবস্থাপনা পরিবর্তনের জন্য ব্যবস্থাপক থেকে শ্রমিক—সবাইকে নিয়ে এক সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠানের দোষত্রুটিগুলো সহজভাবে চিহ্নিত করা সম্ভব হয়। যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সেলিনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের আবাসিক প্রতিনিধি কাজুউকি আইকেদা। বক্তব্য রাখেন অনুষ্ঠানে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান আহমেদ হাসান, বাংলাদেশ পাটকল সমিতির (বিজেএমএ) চেয়ারম্যান নাজমুল হক সফররত জাইকার প্রতিনিধিদলের প্রধান ইয়াসু তাকিয়েসি । কাইজান পদ্ধতি ব্যবহারের সুফলতা নিয়ে আলোচনা করেন এনপিও গবেষণা কর্মকর্তা মো. আবদুল মোসাব্বির, পরিসংখ্যান অনুসন্ধানকারী মো. নজরুল ইসলাম, জাইকার কাইজান বিশেষজ্ঞ ইয়াসু উয়েসুজি, নবাব আবদুল মালেক জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান ও আলিজান জুট মিলসের উপমহাব্যবস্থাপক জিয়াউল হক।