দুই পোশাক কারখানা খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভার্চ্যুয়াল নিট ও রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের এমএসিকে শার্টস কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)। তাদের দাবি, পোশাকশ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করার পর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় মালিকপক্ষ।
এ ছাড়া ফ্রেন্ডস স্টাইল ওয়্যার কারখানার চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং অল ওয়েদার ফ্যাশনস কারখানাকে সংস্কার করে ঝুঁকিমুক্ত করারও দাবি করেছে তারা। এসব দাবি আদায়ে গতকাল বুধবার শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন ফেডারেশনটির নেতা-কর্মীরা।
ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বেলা ১১টার দিকে শ্রমিক সমাবেশ করে এনজিডব্লিউএফ। ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফারুক খান, আরিফা আক্তার প্রমুখ। পরে শাফিয়া পারভীনের নেতৃত্বে সাতজনের একটি প্রতিনিধিদল শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়।
ফেডারেশনের দাবি, ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িত সক্রিয় সদস্যদের চাকরিচ্যুত করে ফ্রেন্ডস স্টাইল ওয়্যার। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষতিপূরণ না দিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে মহাখালীর অল ওয়েদার ফ্যাশনস নামের কারখানাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি বন্ধের নির্দেশ দেয় ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের জোট অ্যাকর্ড। অল্প কিছুদিন বন্ধ রেখে আবার চালু করায় শ্রমিকেরা ঝুঁকির মধ্যে কাজ করছেন। বিজ্ঞপ্তি।