দুই প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদন
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ দান বা চাকরি থেকে অব্যাহতি দিতে এখন থেকে এসইসির অনুমোদন নিতে হবে। আজ মঙ্গলবার এসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসি সূত্রে জানা যায়, পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে এসআইবিএল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ কমিশনের নিয়মিত সভায় প্রতিষ্ঠানটির বর্তমান প্রতিটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়।প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ২৯ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ৫৭৫টি শেয়ারের মাধ্যমে ২৯৮ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম কোনো প্রিমিয়াম ছাড়াই ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান প্রতিটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়।প্রতিষ্ঠানটি ১০ লাখ ৯১ হাজার ২০০টি শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ৫০ টাকা প্রিমিয়ামসহ ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।এসইসি সূত্রে আরও জানা যায়, কমিশনের সভায় এসটিএস হোল্ডিংস (অ্যাপোলো হাসপাতাল) ও রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমতি দেয়নি এসইসি। তবে এর কারণ জানা যায়নি।