দুই বছর পর মিয়ানমার থেকে ছোলা আমদানি শুরু
প্রায় দুই বছর পর মিয়ানমার থেকে দেশে আবার ছোলা আমদানি শুরু হয়েছে।মিয়ানমার থেকে ২ ও ৫ জুলাই নাছরিন এন্টারপ্রাইজ ও ছামিয়া এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান আলাদাভাবে দুই হাজার ৮০০ ও ৪০০ বস্তা ছোলা আমদানি করেছে। শিগগির আরও পাঁচ হাজার বস্তা ছোলা নিয়ে চারটি কার্গো ট্রলার আসছে বলে জানা গেছে।এর আগে সর্বশেষ ২০০৯ সালের ২৪ অক্টোবর মিয়ানমার থেকে ছোলা আমদানি করা হয়। এরপর ব্যবসায়ীরা হঠাৎ করেই ছোলা আমদানি বন্ধ করে দেন।ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা যায়, টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত হারে মাশুল আদায় করার কারণে তাঁরা ছোলা আমদানি বন্ধ করে দেন।স্থানীয় শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে বহির্বিশ্বে ছোলার দাম বেড়ে যাওয়ায় এবং রমজান মাসের বর্ধিত চাহিদার কথা বিবেচনা করে টেকনাফের ব্যবসায়ীরা সীমান্ত-বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে ছোলা আমদানি শুরু করেন। মিয়ানমার থেকে ২০০৭-০৮ অর্থবছরে ১০ হাজার মেট্রিকটন ও ২০০৮-০৯ অর্থবছরে তিন হাজার ৬৬৪ মেট্রিকটন ছোলা আমদানি করা হয়। কিন্তু ২০০৯ সালের ২৪ অক্টোবর মিয়ানমার থেকে ছোলা আমদানি বন্ধ হয়ে যায়।টেকনাফ স্থলবন্দরের আমদানিকারকেরা জানান, মিয়ানমার থেকে ৫০ কেজির প্রতি বস্তা ছোলা তিন হাজার ২০ টাকায় কিনতে হয়। স্থলবন্দরে কর আদায়ের নিয়ম না থাকলেও কর্তৃপক্ষ বস্তাপ্রতি ৫০ টাকা করে আদায় করছে। জাহাজ বা কার্গোতে আনা ছোলা লোড-আনলোড বাবদ বস্তাপ্রতি ৭০ টাকা খরচ হয়। বর্তমানে প্রতি বস্তা তিন হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ছোলা আমদানিকারক আবুল হাশেম প্রথম আলোকে জানান, রমজান মাস সামনে রেখে মিয়ানমার থেকে প্রায় ১০ হাজার মেট্রিকটন ছোলা আমদানির জন্য সেই দেশের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর ফলে স্থানীয় বাজারে কম দামে ছোলা সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।আবুল হাশেম আরও বলেন, টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ লেবার চার্জ, হ্যান্ডলিং চার্জ ও নাইট চার্জসহ বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করছে। সরকারি সহযোগিতা পেলে রমজান মাস উপলক্ষে টেকনাফের আরও ২০-২৫ জন ব্যবসায়ীর প্রচুর পরিমাণের ছোলা আমদানির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। টেকনাফ স্থলবন্দরের সহকারী হিসাব ব্যবস্থাপক আবদুল খালিদ প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা বন্দরে অতিরিক্ত টাকা আদায়ের যে অভিযোগ তুলেছেন, তা মোটেও সঠিক নয়। সরকারি বিধি মোতাবেক চার্জ আদায় করা হচ্ছে বলে তিনি দাবি করেন।শুল্ক কর্মকর্তা আনোয়ার মাসুম প্রথম আলোকে বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে মিয়ানমার থেকে ছোলা আমদানি করা হলে প্রতিবারের মতো কাস্টম কর্তৃপক্ষ সহযোগিতা করবে।’ তিনি স্থানীয় ব্যবসায়ীদের ছোলা আমদানির পরামর্শ দেন।