দুই বছর মেয়াদ বাড়ল বিআইসিএমের নির্বাহী সভাপতির
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী সভাপতি হিসেবে আবদুল হান্নান জোয়ারদারের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। চলতি মাসের ১ এপ্রিল থেকে বর্ধিত এই মেয়াদ কার্যকর হবে।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় গতকাল বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, আবদুল হান্নান জোয়ারদার বিএসইসির নির্বাহী পরিচালক। বিআইসিএমের যাত্রা শুরুর প্রাক্কালে তাঁকে ইনস্টিটিউটটির নির্বাহী সভাপতি হিসেবে লিয়েনে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি লিয়েনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবার তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিআইসিএম এখন মাত্র প্রারম্ভিক পর্যায়ে আছে। আর হান্নান জোয়ারদারও একদম শুরু থেকে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর কাজ করছেন। এ অবস্থায় তাঁর মেয়াদ বাড়ানোটা যুক্তিযুক্ত হয়েছে।