দুই বছরে দেশে ২৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে ভিমপেলকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো লুনডার
জো লুনডার

বাংলাদেশের মানুষদের মধ্যে দিন দিন তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাহকদের কাছেও এ বিষয়ে ভালো সাড়া মিলছে। এ জন্য এ দেশে থ্রিজি সেবা সম্প্রসারণ করতে আগামী দুই বছরে এই খাতে দুই হাজার ৮০০ কোটি টাকা (৩৫০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা ভিমপেলকম।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভিমপেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জো লুনডার এই কথা জানিয়েছেন। বাংলাদেশে থ্রিজির বাজার ও সম্ভাবনা পর্যবেক্ষণ করতে তিনি দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। ২০১১ সাল থেকে বাংলাদেশের অন্যতম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে বিনিয়োগ করেছে ভিমপেলকম।
লুনডার বলেন, ‘বাংলাদেশের মানুষের নতুন প্রযুক্তির প্রতি ক্ষুধা আছে। এই দেশের মানুষ দ্রুতই থ্রিজিকে গ্রহণ করছে। আমার বিশ্বাস এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ তথ্য-প্রযুক্তিতে আরও অনেক এগিয়ে যাবে।’
লুনডার জানান, ২০১১ সাল থেকে ভিমপেলকম বাংলালিংকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বাংলাদেশের থ্রিজি সেবার সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছে তাঁর প্রতিষ্ঠান। এ জন্য পরবর্তী দুই বছরে এই খাতে দুই হাজার ৮০০ কোটি টাকা বিনিয়োগ করবেন তাঁরা।
লুনডার বলেন, ‘আমরা থ্রিজি সেবার ক্ষেত্রে মানুষের চাহিদাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এ জন্য যেসব এলাকা জনবহুল সেই এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে থ্রিজি সেবার আওতায় আনতে চাই। একই সঙ্গে নেটওয়ার্কও শক্তিশালী করার বিষয়টিও আমরা গুরুত্ব দিচ্ছি।’
বাংলাদেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোরজি) চালু করার বিষয়েও আগ্রহী লুনডার। তিনি বলেন, মানুষ যখন থ্রিজিতে অভ্যস্ত হয়ে উঠবে ও এর ব্যাপকতা বাড়বে তখন আমরা এ দেশে আরও উন্নত নেটওয়ার্ক তথা ফোরজি চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।’
লুনডারের দেওয়া তথ্য অনুসারে, বিশ্বের বৃহৎ সাতটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের একটি হল ভিমপেলকম। এতে প্রায় ৬০ হাজার কর্মী রয়েছে।