দুই বছরেও গতি পায়নি বিকল্প বিরোধ নিষ্পত্তি
মামলায় আটকে থাকা বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে ২৭ মাস আগে চট্টগ্রাম কাস্টম হাউসে চালু হয়েছিল বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা। তবে আমদানিকারকেরা এগিয়ে না আসায় এ ব্যবস্থায় পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। এখনো প্রায় সাড়ে ১০ হাজার মামলায় আটকে আছে এক হাজার ৬৬৮ কোটি টাকার বেশি রাজস্ব।
চট্টগ্রাম কাস্টম হাউসের হিসাবে দেখা যায়, এ পর্যন্ত আমদানিকারকেরা ৩৮টি আবেদন করেছেন। এই ৩৮টি আবেদনের ২৫টি নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া আবেদনগুলোতে প্রায় ৫২ শতাংশ ছাড় দিয়ে রাজস্ব আদায় হয়েছে দুই কোটি ৩৭ লাখ টাকা। আরও পাঁচ কোটি ৬৩ লাখ টাকার সংশ্লিষ্ট ছয়টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
এ পরিস্থিতিতে বিকল্প বিরোধ ব্যবস্থায় গতিশীলতা আনতে আমদানিকারকদের সঙ্গে আজ রোববার মতবিনিময় সভার আয়োজন করেছে কাস্টম হাউস।
জানা গেছে, ২০১২ সালের মার্চে প্রথম চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা চালু করে রাজস্ব বোর্ড। এতে সহযোগিতা করে বিশ্বব্যাংকের বেসরকারি খাতের জন্য সহায়তাকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। পর্যায়ক্রমে রাজস্ব বোর্ডের অন্যান্য শুল্ক স্টেশন, আয়কর ও মূল্য সংযোজন কর বিভাগেও এ ব্যবস্থা চালু হয়।
এ ব্যবস্থায় আদালতের বাইরে আমদানিকারক এবং কাস্টম হাউসের প্রতিনিধির উপস্থিতিতে একজন নিরপেক্ষ সহায়তাকারী মুখোমুখি বসে দ্রুত সময়ে বিরোধ নিষ্পত্তি করেন। শুল্কায়নের পর কোনো আমদানিকারক সংক্ষুব্ধ হলে এ ব্যবস্থায় নিষ্পত্তির জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এ ছাড়া আদালতে বিচারাধীন মামলাসমূহও সংক্ষিপ্ত সময়ে নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে এ পদ্ধতিতে। মূলত শুল্কায়িত মূল্যসংক্রান্ত বিরোধ এ ব্যবস্থায় নিষ্পত্তি করা হয়।
নিয়ম অনুযায়ী, আমদানিকারক আবেদন করার পর সর্বোচ্চ ৩০ দিন এবং মামলায় আটকে থাকা বিরোধ নিস্পত্তির সর্বোচ্চ সময়সীমা ৬০ দিন করা হয়েছে। বিরোধ নিষ্পত্তির জন্য ২৪ জন সহায়তাকারী রয়েছেন।
জানতে চাইলে কাস্টম হাউসের যুগ্ম কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমদানিকারকেরা এগিয়ে এলে এ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির সংখ্যা বাড়বে। এ জন্য আমরা নিয়মিত ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে কথা বলছি। তাদের উদ্বুদ্ধ করছি। আশা করছি, এ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিতে আমদানিকারকরা এগিয়ে আসবেন।’
বিকল্প বিরোধ নিষ্পত্তির তালিকায় দেখা যায়, বড় আমদানিকারকেরা এখনো এই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিতে এগিয়ে আসেননি। এ পর্যন্ত শুধু চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ এই পদ্ধতিতে শুল্কসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করেছে। এর বাইরে সবগুলোই ছোট আকারের আমদানিকারক প্রতিষ্ঠান।
আমদানিকারকেরা এ পদ্ধতির সুবিধা নিতে আসছেন কি না জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, ‘আমদানিকারকেরা এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি। তাঁদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। এই দ্বিধাদ্বন্দ্ব কাটাতে আমরা প্রস্তাব দিয়েছি। এখন বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আওতা বাড়ানোর কাজ চলছে। প্রচারণাও চলছে। এটি হলে আমদানিকারকেরা এগিয়ে আসবেন।’