দুই বছরেও শেষ হয়নি শ্রমিকের কান্না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন পোশাকশ্রমিক জেসমিন। দুই দিন পর জীবন নিয়ে বের হয়ে আসতে পারলেও কোমরের হাড় ভেঙে যায় তাঁর। সেই দুঃস্বপ্নের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাঁকে। নিজের মানসিক অবস্থার কথা জানাতে কেঁদে ফেলেন তিনি। বলেন, ‘কোথাও একটু জোরে শব্দ শুনলেই ভয় পাই। কোনো ভারী কাজ করতে কিংবা সিঁড়ি বেয়ে উঠতে পারি না।’
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রানা প্লাজার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিপূরণ না পাওয়া শ্রমিক জেসমিন তাঁর জীবনসংগ্রামের কথা এভাবেই তুলে ধরেন।
রানা প্লাজার পঞ্চম তলার একটি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন জেসমিন। তিনি মানসিক আঘাতের পাশাপাশি একমাত্র মেয়েকে নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তায় আছেন। তিনি বলেন, ‘আমি মাসে বেতন পেতাম ৯ থেকে ১০ হাজার টাকা। এ টাকায় মেয়েকে নিয়ে ভালোই ছিলাম। এখন নিজের চিকিৎসার খরচ মিটিয়ে মেয়ের পড়ালেখার খরচ চালাতে পারছি না।’
কোমরের হাড় ভেঙে যাওয়ায় দীর্ঘদিন চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি জেসমিন। দুই বছরে তিনি অর্থসহায়তা পেয়েছেন মাত্র ৬০ হাজার টাকা।
আরেক শ্রমিক বরিশালের মরিয়ম বেগম। সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও এখন পর্যন্ত তেমন কোনো আর্থিক সহায়তা পাননি তিনিও। ব্র্যাক থেকে পাওয়া ২৩ হাজার টাকা দিয়ে নিজের গ্রামের বাড়িতে একটি মুদিদোকান দিয়েছেন তিনি। ক্ষোভ জানিয়ে মরিয়ম বলেন, ‘একই সঙ্গে কাজ করা একজন ৫ টাকা পাচ্ছে, আবার কেউ কোনো টাকাই পাচ্ছে না। টাকা পেলে সবাই যেন সমানভাবে পায়।’
মনোয়ারা বেগমের কাহিনিটা আবার একটু ভিন্ন। তাঁর স্বামী রানা প্লাজায় নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্বামীর মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন মাত্র ২০ হাজার টাকা!
ক্ষতিগ্রস্তদের কথা শুনে বিস্ময় প্রকাশ করে শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ‘দুই বছর পরেও যদি এ রকম ঘটনা পাওয়া যায়, তাহলে তো আমাদের পদত্যাগ করা উচিত, দায়দায়িত্ব নেওয়া উচিত।’
অনুষ্ঠানের উপস্থিত বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী নিজের প্রতিষ্ঠানে জেসমিনের চাকরি ও তাঁর সন্তানের পড়ালেখার খরচ বহন করার ঘোষণা দেন। অন্য যাঁরা ক্ষতিপূরণ পাননি তাঁদের বিজিএমইএ ও তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের পরামর্শ দেন তিনি।