দুই বছরের ক্ষতি পুষিয়ে যাবে ফুল ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসময়ে বৃষ্টি আর ছত্রাকের আক্রমণে চলতি বছর দেশে ফুলের উৎপাদন প্রায় এক-তৃতীয়াংশ কম হয়েছে। এর ওপর ফুলের চাহিদা আগের চেয়ে বেড়েছে। দুটো মিলিয়ে বাজারে দাম বেড়েছে। সেই সুবাদে এবার ফুল বিক্রি করে আগের দুই বছরের ক্ষতি পুষিয়ে যাবে বলে আশা করছেন ফুল ব্যবসায়ীরা।

আজ রোববার রাজধানীর শাহবাগ ও আগারগাঁওয়ের (শেরেবাংলা নগর) পাইকারি এবং খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের ফুলের দামই বেড়ে গেছে।
রাজধানীর এ দুটি বাজারে অধিকাংশ ফুলই আসে সাভারের গোলাপ গ্রাম, যশোরের গদখালী, চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে। করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে এসব জায়গার অনেক চাষি এ বছর ফুল চাষ করেননি। তা ছাড়া শীতের মধ্যে হওয়া বৃষ্টি ও ছত্রাকের আক্রমণে প্রায় ৪০ শতাংশ ফুল জমিতেই নষ্ট হয়েছে বলে জানান ফুলচাষিরা। তাই মাঠপর্যায় থেকেই বেশি দামে ফুল কিনতে হচ্ছে পাইকারি বিক্রেতাদের। আবার তাঁদের কাছ থেকে আরও বেশি দামে কিনে আনেন শহরের বিক্রেতারা। ফলে খুচরা পর্যায়ে এখন বেশ চড়া দামে ফুল বিক্রি হচ্ছে।

ফুল ব্যবসায়ীরা জানান, ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবসের দিন থেকেই মূলত ফুলের দাম বাড়ছে। ওই দিন আগারগাঁওয়ের ফুলবাজারে প্রতিটি সাধারণ গোলাপ ৬ থেকে ১০ টাকা ও চায়না প্রজাতির গোলাপ ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হতো। এখন প্রতিটি সাধারণ গোলাপ ৫০ টাকা ও চায়না প্রজাতির গোলাপ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া জারবেরা, টিউলিপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ অন্যান্য ফুলের দামও ১৫ থেকে ২০ টাকা করে বেড়েছে। একই অবস্থা শাহবাগের বাজারেও। এখানকার বিক্রেতারা বলছেন, দাম আরও বাড়তে পারে। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পর্যন্ত যে ফুলের দাম বাড়বে, তা জোর দিয়েই বলেন বিক্রেতারা।

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ছাড়াও চলতি মাসে কয়েকটি দিবস ও উৎসব রয়েছে। যেমন ১৪ ফেব্রুয়ারি সোমবার উদ্‌যাপিত হবে পয়লা ফাল্গুন বা বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। আর ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। তাই এ মাসে ভালো অঙ্কের মুনাফা হবে বলে আশা করছেন খুচরা ও পাইকারি ফুল ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শাহবাগে শতাধিক ফুল ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ের সঙ্গে যুক্ত। এখানে খুচরা ফুল বিক্রির দোকান আছে প্রায় ৪০টি।
এ বছর মুনাফা হবে বলে মনে করেন শাহবাগভিত্তিক পাইকারি ফুল বিক্রেতাদের সংগঠন ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মেরিন শেখ। তিনি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এমনিতেই ফুল বিক্রি বেশি হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাইকারি ও খুচরা মিলিয়ে এ বাজারে প্রায় ৪০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল। তবে এ বছর হয়তো ৩০ কোটি টাকার মতো বিক্রি হবে।
একই রকম আশাবাদের কথা শোনান আগারগাঁওয়ের (শেরেবাংলা নগর) পাইকারি এবং খুচরা ফুল ব্যবসায়ীরাও। সেখানে প্রায় ৩০০ জন পাইকারি ব্যবসায়ী ও ২০ জন খুচরা বিক্রেতা ফুল বিক্রি করেন। এ বাজারের খুচরা বিক্রেতা মো. সোহেল মিয়া ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল মোট দেড় লাখ টাকার ফুল কিনেছেন। সাধারণ সময়ে তিনি ১০ থেকে ১৫ হাজার টাকার ফুল কেনেন বলে জানান।

শেরেবাংলা নগর ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নূর মোহাম্মদ বলেন, ‘বিগত দুই বছরের তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসে ফুল বিক্রি অনেক বেশি হচ্ছে। করোনাভাইরাসের কারণে গত দুই বছরে সারা দেশে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান কম ছিল। তাই ফুল ব্যবসায়ীরা লোকসানের মধ্যে ছিলেন। দাম ভালো থাকায় এখন আমাদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও লাভে ফিরতে পারবেন।’ তবে বাজারে ফুলের জোগান বেশি থাকলে দাম আরেকটু কম থাকত বলে তিনি মনে করেন।