দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাত। এর ফলে টানা তিন কার্যদিবস পর লেনদেনের শীর্ষ স্থান হারিয়েছে বস্ত্র খাত। সপ্তাহের শেষ কার্যদিবসেও ঢাকার বাজারে দরপতন ঘটেছে। ডিএসইর সাধারণ সূচক প্রায় ৭ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৬৫৪ পয়েন্টে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৩৯ পয়েন্টে। দুই এক্সচেঞ্জে সূচকের দুই অবস্থান থাকলেও উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কমেছে।এদিকে সাভারে ভবন ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশের অংশ হিসেবে গতকাল দুই স্টক এক্সচেঞ্জে ১৫ মিনিট বিলম্বে লেনদেন শুরু করা হয়। ফলে এদিন অন্যান্য দিনের চেয়ে ১৫ মিনিট কম লেনদেন হয়েছে শেয়ারবাজারে।ঢাকার বাজারে গতকাল ওষুধ ও রসায়ন খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ২৪ শতাংশ। আগের তিন দিনের শীর্ষ অবস্থান হারিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে আসা বস্ত্র খাতের লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৭০ লাখ টাকায়, যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনে ওষুধ খাতের শীর্ষে উঠে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে এ খাতের তিনটি কোম্পানি। সেগুলো হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা। এ খাতের ১৬ কোটি টাকার লেনদেনের মধ্যে এই তিন কোম্পানির লেনদেনের পরিমাণই ছিল প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।ওষুধ খাতের কোম্পানিগুলোর মধ্যে মূল্য বৃদ্ধিতে শীর্ষে ছিল বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট বেনকিজার ও ম্যারিকো। কোম্পানি দুটি চলতি সপ্তাহে তাদের বছর শেষের চূড়ান্ত লভ্যাংশের ঘোষণা দিয়েছে। উভয় প্রতিষ্ঠানই ২০১২ সালের ডিসেম্বরের আর্থিক বছর শেষে শেয়ারধারীদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের চূড়ান্ত ঘোষণা দেয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, লভ্যাংশ প্রদানের এই ঘোষণায় এই দুটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।ঢাকার বাজারে গতকাল ম্যারিকোর প্রতিটি শেয়ারের দাম ১৮ টাকা ২০ পয়সা এবং রেকিট বেনকিজারের শেয়ারের দাম প্রায় ৪০ টাকা বেড়েছে। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এদিন সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে এমন কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল যথাক্রমে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএটিবিসি ও মবিল যমুনা লুব্রিকেন্টস। এই পাঁচটি কোম্পানি মিলে সূচকে শূন্য দশমিক ২৩ শতাংশ পয়েন্ট যুক্ত করেছে। ডিএসইতে বৃহস্পতিবার ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টিরই দাম কমেছে, বেড়েছে ১০১টির আর অপরিবর্তিত ছিল ৩১ টির দাম। দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০০ টিরই দাম কমেছে, বেড়েছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ২৪ টির দাম। দিনশেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।