দুই বাজারে দরপতন কমেছে লেনদেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৮৮ শতাংশেরই দাম কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৯১ শতাংশের দাম কমে গেছে। দিন শেষে ডিএসইতে সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ২ শতাংশ বা ১১৩ পয়েন্ট। একইভাবে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১ দশমিক ৮০ শতাংশ বা ২৮৮ পয়েন্ট। মূল্যসূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের বেশির ভাগই এই দরপতনকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে অভিহিত করেছেন। তবে কেউ কেউ এই দরপতনের জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকেও দায়ী করেছেন। বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থেকে বাজারে শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় দরপতন ঘটেছে। সেই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতিও কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে বাজারে। এ কারণে বিনিয়োগকারীরা কিছুটা সতর্কতা অবলম্বন করছেন। তাঁরা মুনাফার একটি অংশ বাজারে পুনর্বিনিয়োগের আগে কিছুটা ধৈর্য ধারণ করছেন। দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৩৬৭ পয়েন্টে। ঢাকার বাজারে গতকাল ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে গতকাল ডিএসইতে ৭৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২১৩ কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ৬৮৭ পয়েন্টে। দিন শেষে সিএসইতে প্রায় ৭৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। জিপিএইচ ইস্পাতের লেনদেন শুরু: দেশের শেয়ারবাজারে গতকাল লেনদেন শুরু হয়েছে প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের। লেনদেন শুরুর আগে গতকাল সকালে ডিএসই ও কোম্পানি কর্তৃপক্ষের মধ্যে তালিকাভুক্তির চুক্তি স্বাক্ষরিত হয়। জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম এবং ডিএসইর কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর সভাপতি রকিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।লেনদেনের প্রথম দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪২ টাকা ৫০ পয়সা। ১০ টাকা অভিহিত মূল্যের ২০ টাকা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ৩০ টাকা। আর গতকাল প্রথম দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে সর্বনিম্ন ৬৩ থেকে সর্বোচ্চ ৮০ টাকায়।