দুই বাজারে মিশ্র প্রবণতা
শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও শেষের দিকে সূচক পড়ে গেল ডিএসইতে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। একই সঙ্গে লেনদেনও চেয়ে বেড়েছে। তবে সূচক পতন অব্যাহত রয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.০৭ পয়েন্ট কমে চার হাজার ১৪৩.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সূচক গতকালের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টির দাম বেড়েছে; কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সিএমসি কামাল, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল ও সায়হাম টেক্সটাইল।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯০ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টির দাম বেড়েছে; কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।