দুই বাজারে লেনদেন আবার কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের বড় ধরনের পরিবর্তন না হলেও গতকাল মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন কমে গেছে। আগের দিনের ৫০০ কোটি টাকা লেনদেন ছাড়ানোর পর ঢাকার বাজারে গতকাল তা নেমে এসেছে ৪০০ কোটির নিচে। একইভাবে চট্টগ্রামের বাজারেও লেনদেন ৫০ কোটি টাকার নিচে নেমে গেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৮১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল ৪৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। তবে লেনদেন কমে যাওয়াকে বাজারের জন্য নেতিবাচক বলে মনে করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বরং বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক দিন ধরে ব্যাংকিং খাতের একটানা মূল্যবৃদ্ধি ঘটেছে। কিন্তু গত দুই দিনে ব্যাংক খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির গতি কিছুটা শ্লথ হয়েছে। তাই ওই খাতে বিনিয়োগ আটকে আছে। এ কারণেই মূলত লেনদেন কিছুটা কমেছে। ব্যাংকগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটলে স্বাভাবিক প্রক্রিয়ায় আবারও বাজার তারল্য প্রবাহ বাড়বে।
জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, বাজারের গতিশীলতার বিষয়টি নির্ভর করে মূলত প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীদের সক্রিয়তার ওপর। বিগত এক সপ্তাহের বাজার পর্যালোচনায় মনে হচ্ছে, বর্তমানে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা সক্রিয় রয়েছেন।
মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, টানা মূল্যবৃদ্ধির পর কিছুটা মূল্য সংশোধন হবে, এটাই বাজারের স্বাভাবিক ধারা। তাই উত্থান-পতনের মধ্য দিয়ে সব শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়লে তাতেই বাজারে গতি ফিরে আসবে। এ জন্য প্রাতিষ্ঠানিক দীর্ঘমেয়াদি বিনিয়োগে মিউচুয়াল ফান্ডগুলোকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। আর মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে।
এদিকে ঢাকার বাজারে গতকালও ব্যাংকিং খাতে ছিল মিশ্র অবস্থা। এ খাতের লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে ১৩টির দাম কমেছে আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম।
এর বিপরীতে এদিন মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল বস্ত্র খাত। এ খাতের লেনদেন হওয়া ২৭টি কোম্পানির মধ্যে নয়টি বাদে বাকি সবগুলোর দাম বেড়েছে। এমনকি লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির প্রথম তিনটিই ছিল বস্ত্র খাতের।
ডিএসইতে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স চার হাজার ১৯৮ পয়েন্টের আগের দিনের অবস্থানে অপরিবর্তিত ছিল।
চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক ৪৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৬ পয়েন্ট।