দুই বাজারে লেনদেন বেড়েছে, কমেছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২৬ কোটি টাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ লেনদেনের শুরুতে সূচক বেশ বেড়ে যায়। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়। এতে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯ পয়েন্ট কমে ৫,২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক দিনের সর্বোচ্চ ৬০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়ে বেলা একটায় দুই পয়েন্ট কমে যায়। সূচক কমার এ প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টিরই দাম কমেছে, বেড়েছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫২৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কালের চেয়ে ১০৩ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, পূবালী ব্যাংক, কেয়া কসমেটিকস ও সিটি ব্যাংক।অন্যদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৮ পয়েন্ট কমে ১,৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টিরই দাম কমেছে, বেড়েছে ৫৪টির আর আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।