দুই বাজারে সূচক ও লেনদেন বেড়েছে
সূচক ও লেনদেনে বাড়তি প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজ বুধবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ কোম্পানির দাম কমলেও সূচক বেড়েছে। একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জেই গতকালের চেয়ে লেনদেন বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.৩৬ পয়েন্ট বেড়ে ৪১২২.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক গতকালের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার হার কমতে থাকে। একপর্যায়ে সূচক সাত পয়েন্ট কমে যায়। তবে শেষ মুহূর্তের লেনদেনে সূচক সামান্য বেড়ে যায়।আজ ডিএসইতে মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টিরই দাম বেড়েছে। কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫০ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: আরএন স্পিনিং, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মা, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এনবিএল।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৪২ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ৭০টির দাম কমেছে। বেড়েছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২৩ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।