দুই বাজারে সূচক ও লেনদেন বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এখন সাড়ে চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে ঘুরপাক খাচ্ছে। কয়েক দিন ধরে লেনদেন চলাকালে সাধারণ সূচক সাড়ে চার হাজার পয়েন্ট ছাড়িয়ে গেলেও শেষ পর্যন্ত তা স্থায়ী হয়নি। অর্থাৎ এটি সাড়ে চার হাজার পয়েন্টের নিচেই রয়ে গেছে।গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইর সাধারণ সূচকে যোগ হয়েছে পাঁচ পয়েন্ট। এর ফলে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৪৮২ পয়েন্টে। যদিও এ দিন লেনদেনের একপর্যায়ে সাধারণ সূচক বেড়ে সাড়ে চার হাজারের সীমা অতিক্রম করেছিল।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকও এ দিন সামান্য বেড়ে সাড়ে ১৩ হাজার পয়েন্টের সীমা অতিক্রম করেছে। এ দিন সিএসইর সার্বিক সূচকে যোগ হয়েছে প্রায় ৫৭ পয়েন্ট। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৫৪০ পয়েন্টে।এ দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও সামান্য বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ারের দাম সূচককে সবচেয়ে বেশি প্রভাবিত করে, সেসব কোম্পানির দরপতনের কারণে মূল্যসূচকের গতিও কিছুটা মন্থর হয়ে পড়েছে। বিশেষ করে মূল্যসূচকে প্রভাব বিস্তারকারী কোম্পানি গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাসের শেয়ারের দাম কমেছে। এ কারণে ডিএসইর সূচক শুরুতে বাড়লেও উল্লিখিত কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের সঙ্গে সঙ্গে সূচকও কমতে থাকে। লেনদেনের প্রথম ১৫ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। একপর্যায়ে সূচক ঋণাত্মক হলেও দিন শেষে অবশ্য তা আবার ধনাত্মক হয়। ঢাকার বাজারে মঙ্গলবার ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৬টির দাম বেড়েছে, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত ছিল ২৫টি কোম্পানির শেয়ারের দাম। এ দিন ডিএসইতে প্রায় ৬৪৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেশি। লেনদেনের দিক থেকে এ দিন ডিএসইতে শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে: তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ সাবমেরিন কেবলস, যমুনা অয়েল ও এমআই সিমেন্ট। সেই হিসেবে লেনদেনের ক্ষেত্রে ছিল সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর আধিপত্য। সামনে এসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। তাই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।অন্যদিকে চট্টগ্রামের বাজারে এ দিন ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির দাম বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির শেয়ারের দাম। এ দিন সিএসইতে প্রায় ৬০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা বেশি।