দুই বাজারে সূচক কমছেই
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা চার দিন সূচক পতনের ঘটনা ঘটল বাজারে। আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। এর ফলে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৩৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৪টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৭ কোটি টাকায়, যা গত বৃহস্পতিবারের চেয়ে দুই কেটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গোল্ডেন হারভেস্ট, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ার, আরগন ডেনিমস, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, গ্লোবাল হেভি কেমিক্যাল, বেক্সিমকো ও অ্যাকটিভ ফাইন।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৮৩৩ পয়েন্টে।সিএসইতে আজ মোট ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টিরই দাম কমেছে; বেড়েছে ২১টির আর অপরিবর্তীত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।