দুই বাজারে সূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। আজ বুধবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের পতন হয়েছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে। ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে ৩৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক বাড়ে দুই পয়েন্ট। এরপর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৩টিরই দাম কমেছে, বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮০ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, সিঙ্গার বিডি, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ব্যাংক, আরগন ডেনিমস, আরএন স্পিনিং ও গ্লোবাল হেভি কেমিক্যাল।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২২৬ পয়েন্টে।সিএসইতে আজ মোট ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টিরই দাম কমেছে; বেড়েছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।