দুই বাজারে সূচক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে। জানা গেছে, বাজারে দরপতন ঠেকাতে গতকালও ডিএসইর তদারকি দল বাজারে সক্রিয় ছিল। দলটি বিভিন্ন ব্রোকারেজ হাউসে গিয়ে দরপতন ঠেকাতে সক্রিয় থাকে। আর তাই দিনের শুরুতে বাজার নিম্নমুখী থাকলেও পরে তা ঊর্ধ্বমুখী হয়।দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৬৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।ডিএসইতে গতকাল ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪০টিরই দাম বেড়েছে, কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৩১৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৪ কোটি টাকা বেশি।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩১৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।এফবিসিসিআইয়ের সভা: শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে সরকার ঘোষিত প্রণোদনা গুচ্ছ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হবে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ে গঠিত এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. রকিবুর রহমান। গতকাল বিকেলে মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে কমিটির এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।রকিবুর রহমান বলেন, ‘ঘোষিত প্রণোদনা গুচ্ছ বাস্তবায়নের কিছু সুপারিশ তৈরি করেছি। শিগগিরই এগুলো এফবিসিসিআইয়ের বোর্ডে পাঠানো হবে। বোর্ড এটা গ্রহণ করলে পরবর্তী সময়ে ওই সুপারিশগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নিয়ে যাওয়া হবে।’ বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসইর সহসভাপতি মো. শাহজাহান, এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক ও বিনিয়োগকারীদের নেতারা উপস্থিতি ছিলেন।