দুই বাজারে ১২০০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে লেনদেন গতকাল মঙ্গলবার আবারও এক হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক হাজার ১০০ কোটি টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। সেই সঙ্গে দুই বাজারে বেড়েছে মূল্যসূচকও।ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার সিএসইতে সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ২৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৯৪ শতাংশ। যদিও সোমবার দুই বাজারেই মূল্যসূচক কিছুটা কমেছিল।যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ. হাফিজ প্রথম আলোকে বলেন, বাজার বর্তমানে সঠিক ধারায় রয়েছে। ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে বাজার। তবে পুরো স্থিতিশীলতা ফিরে আসতে আরও কিছুটা হয়তো সময় লাগবে।’ এ. হাফিজ আরও বলেন, ‘গত কিছু দিনে বাজারে নতুন অনেক বিনিয়োগ এসেছে। ব্যক্তিশ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে এত দিন যাঁরা নিষ্ক্রিয় ছিলেন, তাঁরা সক্রিয় হচ্ছেন। এতে ইতিবাচক গতি ফিরেছে। এখন দরকার বাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানো। কারণ, এভাবে চলতে থাকলে চাহিদা বাড়তে থাকবে।’নতুন বিনিয়োগ আসার কারণ জানতে চাইলে মোহাম্মদ এ. হাফিজ বলেন, ‘এরই মধ্যে অনেক বিনিয়োগকারী লাভের মুখ দেখেছেন। এ কারণে অন্য বিনিয়োগকারীরাও সক্রিয় হয়ে উঠেছেন।’আইডিএলসি ইনভেস্টমেন্টসের বাজার-সম্পর্কিত দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাজারে গতকালের মোট লেনদেনের প্রায় ৩৪ শতাংশই ছিল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির। এদিন দর বাড়ায় এগিয়ে ছিল তথ্যপ্রযুক্তি, বস্ত্র ও সিমেন্ট খাতের কোম্পানিগুলো। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭২ কোটি টাকা। আর দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে এদিন সাতটিই ছিল বস্ত্র খাতের কোম্পানি। দিন শেষে ঢাকার বাজারে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৮টিরই দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল পাঁচটি কোম্পানির শেয়ারের দাম। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৯০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩৮ কোটি টাকা বেশি। ঊর্ধ্বগতির কারণে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৩২ পয়েন্টে।চট্টগ্রামের বাজারে এদিন ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫১টিরই দাম বেড়েছে, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১০ কোটি টাকা, যা আগের দিনের প্রায় সমপরিমাণ। সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ১৬৯ পয়েন্টে।