দুই বাজারেই দরপতন
বাংলা নববর্ষের প্রথম কার্যদিবসের শুরুটা চাঙা ভাবের মধ্য দিয়ে হলেও শেষ পর্যন্ত মূল্যসূচকের পতন দিয়েই সমাপ্তি ঘটল দেশের শেয়ারবাজারের লেনদেনের। দেশের দুই স্টক এক্সচেঞ্জেই গতকাল রোববার মূল্যসূচক বেশ খানিকটা কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারবাজারের অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহল থেকে নানা মন্তব্য আসায় বিনিয়োগকারীরা একধরনের নির্দেশনাহীন অবস্থায় পড়ে গেছেন। বিশেষ করে সরকারের দিক থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য না আসায় বিনিয়োগের প্রশ্নে তাঁরা কিছুটা দ্বিধার মধ্যে রয়েছেন। অনেকে বিনিয়োগে সক্রিয় না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মূলত এসব কারণেই বাজারে সূচক ও লেনদেন কমছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, চাঙা ভাবের মধ্য দিয়েই গতকাল লেনদেন শুরু হয়। এ সময় প্রথম ৩০ মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৬০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর পর থেকে সূচক নিম্নমুখী হতে থাকে, যা সারা দিনই অব্যাহত থাকে। বেলা তিনটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে ছয় হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৮৫ পয়েন্টে নেমে আসে। সিএসইতে এ দিন ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত থাকে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। আর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১২ কোটি টাকা কম। ডিএসইতে গতকাল ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বিএসআরএম স্টিল, মালেক স্পিনিং, আফতাব অটো, বেক্সিমকো, আরএন স্পিনিং, বেক্সটেক্স, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস, অ্যাকটিভ ফাইন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশ ফান্ড: শেয়ারবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে ‘বাংলাদেশ ফান্ড’ নামে একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব আজ সোমবার অনুমোদনের সম্ভাবনা রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৩৮০তম সভার আলোচ্যসূচিতে বিষয়টি রয়েছে। একই সঙ্গে এ বৈঠকে ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে নিবন্ধন দেওয়ার কথা রয়েছে। এসইসি সূত্র জানিয়েছে, ট্রাস্টি নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তা বা পরিচালকদের ঋণসংক্রান্ত অনাপত্তি প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালকদের ঋণসংক্রান্ত অনাপত্তি চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত কোনো অগ্রগতি জানানো হয়নি। বৈঠক চলাকালীন এ-সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেলে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো প্রতিবন্ধকতা থাকবে না।