দুই বাজারেই দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার আবারও দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক দিন শেষে প্রায় ৭১ পয়েন্ট কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১৫২ পয়েন্ট। একই সঙ্গে দুই বাজারে কমেছে লেনদেনের পরিমাণও। এর জন্য অবশ্য শতাধিক কোম্পানির নগদ টাকার (স্পট) লেনদেনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে শেয়ারের অস্বাভাবিক বিক্রির চাপ কমাতে গতকালও মাঠ পর্যায়ে সক্রিয় ছিল নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর যৌথ পরিদর্শক দল। শেয়ারবাজারে প্রতিদিনের লেনদেনে শীর্ষে থাকা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে এসব দল সকাল থেকে দুপুর পর্যন্ত উপস্থিত থেকে বিভিন্ন তথ্য যাচাইবাছাই করে। একই সঙ্গে গতকাল সিএসইর পক্ষ থেকেও একটি পরিদর্শক দল মাঠে নামানো হয়। তিন সংস্থার কর্মকর্তারাই জানিয়েছেন, নিয়মিত কাজের অংশ হিসেবে মাঠ পর্যায়ে এসব পরিদর্শক দল কাজ করছে। যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগের দিনের মতো মঙ্গলবারও বেশ কয়েকটি পরিদর্শক দল বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস পরিদর্শন করেছে। শেয়ার কেনাবেচায় কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এসব দল কাজ করছে।’জানা গেছে, পরিদর্শক দলের সদস্যরা বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে গিয়ে সেখানকার গ্রাহকদের শেয়ার কেনাবেচাসংক্রান্ত আদেশ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখেন। যোগাযোগ করা হলে সিএসই সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সোমবারের বাজার আচরণকে বিবেচনায় নিলে গতকালের দরপতনটি ছিল অনেকটাই স্বাভাবিক। শতাধিক কোম্পানির শেয়ার বর্তমানে নগদ টাকার বাজারে (স্পট মার্কেট) লেনদেন হচ্ছে। যেহেতু এই বাজারে আগের দিন শেয়ার কিনে পরদিনই তা বিক্রির সুবিধা রয়েছে তাই অনেকেই সেই সুযোগ কাজে লাগিয়েছেন। শতাধিক কোম্পানির শেয়ার স্পট মার্কেটে থাকায় লেনদেনেও কিছুটা ধীর গতি রয়েছে।’ জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যেসব প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেগুলোর যথাযথ বাস্তবায়ন হলে তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে রাতারাতি এর সুফল পাওয়া যাবে না। কিছুটা সময় লাগবে। তাই আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে।’ বাজার চিত্র : ডিএসইর সাধারণ সূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৫৫ পয়েন্টে। ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির মধ্যে ২০০টিরই দাম কমেছে, বেড়েছে ৫০টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। দিন শেষে ডিএসইর লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৭ কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে নেমে এসেছে প্রায় ১৪ হাজার ৬৮৮ পয়েন্টে। লেনদেন হওয়া ১৬৯ কোম্পানির মধ্যে ১২৪টিরই দাম কমেছে, বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা কম।