দুই বাজারেই বড় দরপতন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার বড় ধরনের দরপতন ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১১৫ পয়েন্ট বা ২ দশমিক ৬৫ শতাংশ কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৩৩১ পয়েন্ট বা আড়াই শতাংশ। সেই সঙ্গে দুই বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের যথাযথ পরিচিতি নিশ্চিত করতে কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) বাধ্যতামূলক করা হচ্ছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এটি করা হবে। এই খবরে সোমবার বাজারে বড় ধরনের দরপতন ঘটে।সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, কেওয়াইসি বাধ্যতামূলক করার খবরে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ভীতি তৈরি হয়, যার প্রতিফলন বাজারে পড়েছে। তার ওপর বাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণও কম। যোগাযোগ করা হলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ খুবই কম। এ কারণে লেনদেন বেশ কমে গেছে। যার ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের শঙ্কা তৈরি হয়েছে। তবে কেওয়াইসি-সংক্রান্ত খবরের প্রভাবে বাজারের বড় দরপতন ঘটেছে, এমন ধারণার সঙ্গে একমত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল। তিনি বলেন, ‘শেয়ারবাজারের জন্য কেওয়াইসি যদি সত্যিকার অর্থেই সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যা তো আর এক-দুই দিনের দরপতনে সমাধান হয়ে যাবে না। অথচ দেখা যায়, কোনো একটি খবরকে কেন্দ্র করে বাজারে বড় ধরনের দরপতন ঘটে। এক-দুই দিন পর আবার মূল্যবৃদ্ধিও ঘটে। এর মানে হলো, এগুলো বাজারের প্রকৃত সমস্যা নয়। বাজারের একটি অংশ এ ধরনের খবরকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করে।’ মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘কেওয়াইসি হলে বাজারে স্বচ্ছতা বাড়বে। অধিকাংশ বিনিয়োগকারীই বাজারে স্বচ্ছতা চান। তাহলে কেন এই খবরে দরপতন ঘটবে? আমরা কি ধরে নেব যে বাজারে স্বচ্ছতা নিশ্চিত হোক, এটি বিনিয়োগকারীরা চান না?’গতকালঢাকার বাজারে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র নয়টির, আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। আর চট্টগ্রামের বাজারে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র পাঁচটির, আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দরপতনের কারণে দিন শেষে উভয় বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকাটিই অপূর্ণাঙ্গ ছিল। পাশাপাশি উভয় বাজারে লেনদেনেও ছিল ধীরগতি। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৬ কোটি টাকা কম। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা কম।