দুই বাজারেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আবারও সাড়ে চার হাজার পয়েন্ট ছাড়িয়েছে। ১৯ কার্যদিবস ধরে এটি সাড়ে চার হাজার পয়েন্টের নিচে ছিল। এমনকি একপর্যায়ে তা চার হাজার পয়েন্টের নিচেও নেমে যায়। সাধারণ সূচকের পাশাপাশি গতকাল লেনদেনও আবার সাড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি ডিএসইতে প্রায় ৫৩৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর পর থেকে লেনদেন সাড়ে ৪০০ কোটি টাকার নিচেই ঘুরপাক খাচ্ছিল। এমনকি একপর্যায়ে তা কমে ২ ফেব্রুয়ারি সর্বনিম্ন ১৬৯ কোটি টাকায়ও নেমেছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দিনশেষে আবারও ১৩ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। আর একই দিনে লেনদেন ছাড়িয়েছে ৫০ কোটি টাকা। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ঋণের সুদ মওকুফের সুপারিশে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারই ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে। লেনদেন বাড়ার মধ্য দিয়ে বাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণও বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম কমিটি ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফ ও নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের সুপারিশ করেছে। দুই বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে ৯৫ শতাংশের এবং সিএসইতে প্রায় ৯৮ শতাংশেরই দাম বেড়েছে।যোগাযোগ করা হলে সিএসইর সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাজার অতিমাত্রায় অবমূল্যায়িত হয়ে গিয়েছিল। সেখান থেকে বাজার আবার ঘুরে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। সেই স্বাভাবিকতার দিকেই বাজার ধীরে ধীরে এগোচ্ছে।’ ফখরউদ্দিন আরও বলেন, ‘তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতার মেয়াদ ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজারে চাহিদাও বাড়বে। পাশাপাশি অনেক কোম্পানি এরই মধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে, আরও অনেক কোম্পানির ঘোষণা শিগগির আসবে। নতুন বাজেট ঘোষণার সময়ও ঘনিয়ে আসছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশসহ অনেক ঘটনার যোগফলে বাজারে ইতিবাচক পড়তে দেখা যাচ্ছে।’ দিনশেষে গতকাল ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় চার শতাংশ বা প্রায় ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৪৩ পয়েন্টে। যদিও এদিন ডিএসইর সাধারণ সূচক সর্বোচ্চ প্রায় চার হাজার ৫৬১ পয়েন্টে উঠেছিল। ঢাকার বাজারে গতকাল ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৮টিরই দাম বেড়েছে, কমেছে ১০টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। রোববার দিনশেষে ডিএসইতে প্রায় ৪৬৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৩৩ কোটি টাকা বেশি।এদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল লেনদেন শেষে প্রায় ৭৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯২টিরই দাম বেড়েছে, কমেছে তিনটির আর অপরিবর্তিত ছিল একটির দাম। সিএসইতে রোববার প্রায় ৫৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি।