সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের দুটি শেয়ারবাজারে মূল্যসূচক সামান্য বেড়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে দিন শেষে যোগ হয়েছে সাত পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচকে এই দিন যোগ হয়েছে ৫৪ পয়েন্ট। দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে ঢাকায় লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রামে সামান্য কমেছে। সার্বিকভাবে সূচক তেমন না বাড়লেও ঢাকার বাজারে এই দিন লেনদেন হওয়া অনেক কোম্পানির শেয়ারই মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করে। কিছু কোম্পানির শেয়ার লেনদেনের শুরুতেই মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলে। পরে দিনভর ওই দামে সেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির প্রতিটির শেয়ারের দাম এক দিনে প্রায় ১০ শতাংশ করে বেড়েছে, যেগুলোর বেশির ভাগই ছিল বস্ত্র খাতের কোম্পানি।প্রচলিত নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাজারে এখন খাতভিত্তিক শেয়ারের দামের উত্থান-পতন ঘটছে। বৃহস্পতিবার খাতভিত্তিক লেনদেন ও মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল বস্ত্র ও বিমা খাতের কোম্পানিগুলো। এই উত্থান-পতনের সুযোগে দুর্বল কোম্পানিগুলোর শেয়ারেরও দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা গ্রহণযোগ্য নয়। আর দাম বাড়ার বিপরীতে ব্যাংকিং, টেলিযোগাযোগসহ বেশকিছু খাতের শেয়ারের দরও বেশ কমেছে। এতে সূচক খুব বেশি বাড়েনি। কারণ সূচকের উত্থান-পতনে ব্যাংকিং খাতের বড় ধরনের প্রভাব রয়েছে।’ মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাজার যে অবস্থায় পৌঁছেছে, তাতে সাধারণ বিনিয়োগকারীদের পত্রকোষ বা পোর্টফোলিওর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফলে লেনদেনে তাঁদের অংশগ্রহণও ধীরে ধীরে বাড়ছে। এটা অবশ্য বাজারের জন্য ইতিবাচক দিক।’ মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৫ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর পতন শুরু হয়। একপর্যায়ে সূচক ঋণাত্মক হলেও দিনের লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৩২ পয়েন্টে। ডিএসইতে এই দিন ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এ ক্ষেত্রে আগের তুলনায় ১৯৫টির দাম বেড়েছে, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। এই দিন ঢাকার বাজারে প্রায় ৮৮৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় ১৪১টির দাম বেড়েছে, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৫১৬ পয়েন্টে। সেখানকার বাজারে ৮৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।