দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে
টানা দুই দিনের ঊর্ধ্বগতির পর গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল লেনদেন শুরু হলেও দিনের বেশির ভাগ সময়জুড়ে ছিল সূচকের উত্থান-পতন। দিন শেষেও সূচক ছিল নিম্নমুখী। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৩৭ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৮ পয়েন্ট কমেছে। একই সঙ্গে লেনদেনেও ছিল মন্দাভাব। বাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে একাধিক মতামত পাওয়া গেছে। কেউ কেউ গতকালের উত্থান-পতনের জন্য মুনাফা তুলে নেওয়ার চাপকে দায়ী করেছেন। আবার কেউ কেউ বলছেন, ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে আদালতের দেওয়া রুলকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।জানা যায়, গতকাল ডিএসইর পক্ষ থেকে আদালতের রুলের জবাব দেওয়া হয়েছে। সংস্থাটি তাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে গতকাল দুপুরে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলের কাছে তাদের বক্তব্য তুলে ধরেছে। জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মধ্যে যাঁরা এরই মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন, তাঁরা এখন কিছুটা বাজার পর্যবেক্ষণ করছেন। আবার যাঁরা বাজারের সাম্প্রতিক ঊর্ধ্বগতির সময় শেয়ার কিনেছিলেন, তাঁরাও এখন বিক্রি করতে পারছেন না। এতে বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে। মনিরুজ্জামান আরও বলেন, সাধারণত বাজার যখন ইতিবাচক থাকে তখন বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসও তুঙ্গে থাকে। আবার বাজার যখন একটু নেতিবাচক ধারায় থাকে, তখন বেশির ভাগ বিনিয়োগকারী সংযত আচরণ করতে থাকেন। দিনের শুরুতে গতকাল ডিএসইতে লেনদেনের গতি কিছুটা ভালো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাতে ধীরগতি লক্ষ করা যায়। দিন শেষে ডিএসইতে গতকাল প্রায় ৪৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৩ কোটি টাকা কম। ঢাকার বাজারে বৃহস্পতিবার লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারেরই দরপতন ঘটেছে। এদিন ডিএসইতে ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৮টির দাম কমেছে, বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৬১ পয়েন্টে।এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ২৮০ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টির দাম কমেছে, বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম। ডিএসইর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আগামী রোববার লেনদেন বন্ধ থাকবে। সোমবার থেকে যথারীতি লেনদেন চলবে। এদিকে ডিএসইর ভুল সূচক সংশোধনের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এসঅ্যান্ডপি) সঙ্গে বৈঠক করেছে ডিএসই। গতকাল দুপুরে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিক হয়। ডিএসই জানিয়েছে, নতুন সূচক চালুর ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে এসঅ্যান্ডপির পরামর্শ নেওয়া হবে। শিগগির দুই প্রতিষ্ঠান এ নিয়ে কাজ শুরু করবে।