দুই বাজারেই সূচক কমল
দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে। তবে গতকালের চেয়ে বেড়েছে লেনদেন। লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ তালিকাভুক্ত চারটি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। তবে ব্যাংকগুলোর ঘোষণা বিনিয়োগকারীদের আশানুরূপ না হওয়ায় এর প্রভাব বাজারে পড়েছে। আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টিরই দাম কমেছে। আর বেড়েছে মাত্র দুটির। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে তিনটি ব্যাংকের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০.৬৬ পয়েন্ট কমে ৪২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টা শেষে সূচক ৭০ পয়েন্টের মতো বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়ে কয়েকবার ওঠানামা শেষে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টির দাম কমেছে। বেড়েছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ২৭৩ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকার বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, এনবিএল, সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং ও ওয়ান ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৫.০৫ পয়েন্ট কমে ১২৩৫৩.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম কমেছে। বেড়েছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকার বেশি।